ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

  ১২ ঘণ্টা আগে

ঈশ্বরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি পালন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি ঈশ্বরগঞ্জ কলেজের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। র‌্যালির পূর্বে দত্তপাড়া বসুন্ধরা আবাসিক এলাকায় উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আমীর অধ্যক্ষ মাওলানা মঞ্জুরুল হক হাসানের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক ও উপজেলা ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক এইচএম মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ময়মনসিংহ জেলা জামায়াতের আমীর মুহাম্মদ আব্দুল করিম।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ আব্দুল করিম বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলন। শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে দেওয়া হবে না। তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন, দলমত নির্বিশেষে জাতীয় স্বার্থে সবাইকে এক কাতারে দাঁড়িয়ে একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে হবে। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা মঞ্জুরুল হক হাসান বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ আন্দোলনের শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং তাদের আদর্শ বাস্তবায়নে আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ শাহরিয়ারের পিতা আব্দুল মতিন, শহীদ কামাল হোসাইনের পিতা হাসিম উদ্দিন এবং শহীদ উবায়দুল হকের বোন মোছা. রোকসানা আক্তার। তারা শহীদ পরিবারের পক্ষ থেকে গণঅভ্যুত্থানের শহীদদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতির দাবি জানান এবং তাদের আত্মত্যাগের কথা স্মরণ করেন।

এ সময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল খায়ের মুহাম্মদ বারকাতুল্লাহ, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ তানহার আলী, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন, উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক এসএম আল মামুন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর উপজেলা যুগ্ম সমন্বয়ক আকাশ, ইসলামী ছাত্রশিবির উপজেলা শাখার সভাপতি শিহাব উদ্দিন, সেক্রেটারি আবুল খায়ের খান ত্বহা, উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল আলীম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা শাখার সেক্রেটারি সারোয়ার জাহানসহ উপজেলা ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা। আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়