তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি

  ১২ ঘণ্টা আগে

ডাস্টবিন উপচে পড়ছে বর্জ্য, স্বাস্থ্য ঝুঁকিতে এলাকাবাসী

রংপুরের তারাগঞ্জ উপজেলায় তারাগঞ্জ বাজারের ডাস্টবিনটি উপচে পড়ছে বর্জ্য। এতে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে বাজারের ক্রেতা-বিক্রেতারা। তারাগঞ্জ বাজারের গরুহাটি-সংলগ্ন হাট ইজারাদার অফিসের পাশে ডাস্টবিনটি উপচে পড়ছে আবর্জনা। এসব আবর্জনা থেকে ছড়িয়ে পড়েছে দুর্গন্ধ।

শুক্রবার ও সোমবার সপ্তাহে দুদিন হাটবার। ডাস্টবিনটির সঙ্গেই গরু-ছাগলের কেনাবেচা করা হয়। এর ফলে এই স্থানটিতে অনেক মানুষের সমাগম ঘটে।

দীর্ঘদিন থেকে ডাস্টবিনটি এভাবে পড়ে থাকলেও তা পরিষ্কারের কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। ডাস্টবিনটি পরিষ্কারের অভাবে দুর্গন্ধে নাকমুখ চেপে ধরে বেচাকেনা করছে ক্রেতা-বিক্রেতারা।

ডাস্টবিনটি রাস্তার পাশাপাশি হওয়ায় পথচারীদেরও পোহাতে হচ্ছে দুর্ভোগ। বাজারের গুরুত্বপূর্ণ সড়ক হওয়ায় প্রতিদিন হাজারো মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করেন। সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল-কলেজ ও মাদরাসা পড়ুয়া ছাত্রছাত্রীরাও এই রাস্তা দিয়ে চলাচল করে।

তারাগঞ্জ বাজারের ব্যবসায়ী আবদুর রহিম বলেন, ডাস্টবিনটি বছরের বেশিরভাগ সময়েই অপরিষ্কার থাকে। কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয় না। আমরা ব্যবসায়ীরা নাকমুখ চেপে ধরে চলাফেরা করি।

তারাগঞ্জ ও/এ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র মিজানুর রহমান বলেন, ‘খুব কষ্ট করে এই রাস্তা দিয়ে চলাচল করি। ডাস্টবিনটির দুর্গন্ধ আমাদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলেছে।

বাজারে আসা ঘনিরামপুর গ্রামের রোকন বলেন, ‘বাঁশহাটির কাছে এই ডাস্টবিনটি মনে হয় দেখার কেউ নেই। অনেক দিন থেকে দেখছি ডাস্টবিনটি আবর্জনায় ভর্তি হয়ে আছে। পরিষ্কার করার কোনো কথা নেই।

তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন বলেন, বাজারের ওই ডাস্টবিনটি দ্রুত পরিষ্কার করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়