প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১২ ঘণ্টা আগে

সারা দেশে জুলাই শহীদ দিবস পালিত

সারা দেশে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালন করা হয়েছে। গতকাল এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে জুলাই শহীদদের স্মরণ করে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা, আলোচনা সভা, দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর-

রংপুর : জুলাই চেতনা হবে আগামী দিনের গণতন্ত্রকে সুসংহত করা মন্তব্য করে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ। গতকাল বৃহস্পতিবার সকালে জুলাই শহীদ দিবস উপলক্ষে সকালে রংপুরে জুলাই স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তিনি আরো বলেন, সব জুলাই যোদ্ধা ও জুলাই শহীদের প্রতি সম্মান জানিয়েই বর্তমান সরকার গণতন্ত্রকে সুসংহত করাসহ দেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু প্রমুখ।

খুলনা : খুলনায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে গতকাল শিববাড়ি শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাইযোদ্ধারা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও মহানগর ইউনিট, বিভাগীয় কমিশনার আবদুল্লাহ হারুন, রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান, পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, জেলা প্রশাসক হুরে জান্নাত, পুলিশ সুপার, কেডিএর চেয়ারম্যান, ওয়াসার চেয়ারম্যান ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ রাজনৈতিক দলের নেতারা। এ উপলক্ষে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আমীর এজাজ খান। তিনি বলেন, বর্তমান সরকার জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করছে এবং গণভোটের ‘হ্যাঁ’-এর পক্ষে কাজ করছে। তিনি বলেন, বাংলাদেশের কোনো গণআন্দোলন একদিনে গড়ে ওঠেনি। দীর্ঘদিনের হামলা-মামলা, নির্যাতন, দমন-পীড়ন ও গণবিরোধী কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে মানুষ রাজপথে নেমে আসে। সেই আন্দোলনের ধারাবাহিকতার ফলেই আজ আমরা কেউ সরকারে, কেউ বিরোধী দলে থেকে জনগণের প্রতিনিধি হিসেবে সংসদ সদস্য হয়েছি এবং স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ পাচ্ছি।

খুলনা বিভাগীয় কমিশনার আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান, পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, জেলা প্রশাসক হুরে জান্নাত, পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, ওয়াসার চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান, শহিদ শেখ সাকিব রায়হানের বাবা শেখ আজিজুর রহমান ও মহানগর জামায়তে ইলামীর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান। সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জুলাই গণঅভ্যুত্থানে নিহত পরিবারের সদস্যগণ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ : যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহিদ দিবস পালিত হয়েছে। গতকাল সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের ফুড অফিস সংলগ্ন মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রথমে জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সর্বস্তরের মানুষ শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন পর্বে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ তারেক হোসেনের বাবা মো. আসাদুল ইসলাম এবং শহিদ মো. মতিউর রহমানের স্ত্রী রোজিনা খাতুনসহ অন্যান্য শহিদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণ শেষে আন্দোলন চলাকালে শহিদ হওয়া সকল ছাত্র-জনতার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জল কুমার ঘোষ, সিভিল সার্জন ডা. শাহাব উদ্দিন।

জামালপুর : জামালপুরে জেলা ও উপজেলা পর্যায়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবসথ পালিত হয়েছে। চব্বিশের গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগকে স্মরণ করে সরকারি প্রশাসন, রাজনৈতিক দল এবং ছাত্র-জনতার উদ্যোগে বিভিন্ন স্থানে দিনব্যাপী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই সকালে জেলা শহরের শহীদ সাফওয়ান সদ্য অডিটরিয়ামে ‘জুলাই শহিদ দিবসথ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন। এছাড়া প্রতিটি উপজেলায় নানা কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন। জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা প্রশাসনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। প্রধান অতিথি বলেন, এই অর্জনকে আমাদের ধরে রাখতে হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনুবা ইসলাম ও ইমন হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক প্রমুখ।

গাইবান্ধা : যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গাইবান্ধায় ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সকালে শহরের পৌর পার্কে জুলাই শহীদ স্মতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জাতীয় সংসদ সদস্য মো. আব্দুল করিম এমপি। অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার মো. জসিম উদ্দীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ.কে.এম. হেদায়েতুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মুশফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার দাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুননবী টিটুল এবং শহীদ সজলের মা শাহিনা বেগম প্রমুখ।

ধামরাই : ধামরাই উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহিদদের স্মরণে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গতকাল বেলা ১২টার দিকে ধামরাই উপজেলা হল রুমে আলোচনা সভা দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইউএনও আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য তমিজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফি, ধামরাই থানার ওসি (তদন্ত) শহীদুল ইসলাম, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতিকুজ্জামান স্বপন প্রমুখ।

বাউফল : পটুয়াখালীর বাউফলে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। গতকাল সকাল ১০টায় উপজেলা মিনি কনফারেন্স হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও সালেহ আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু, ওসি সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপি সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, বাউফল প্রেস ক্লাব সভাপতি জলিলুর রহমান, গণঅধিকার পরিষদের সভাপতি হাবিবুর রহমান, জুলাই শহীদ সাংবাদিক মেহেদীর বাবা মোশারেফ হোসেন, জুলাই আন্দোলনে আহত কাওসার হোসেন, আলী আকবর প্রমুখ।

লামা : লামায় ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ উপলক্ষে আলোচনা সভা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত এ সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জামায়াতের নেতা, জুলাইযোদ্ধা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লামা ইউএনও মঈন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর কাজী ইব্রাহীম, লামা সার্কেল এএসপি মাসুদ সরকার, লামা বন বিভাগের এসিএফ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইছার হামিদ প্রমুখ।

ভাণ্ডারিয়া : পিরোজপুরের ভাণ্ডারিয়ায় দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। গতকাল সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং তাদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভার কার্যক্রম শুরু হয়। ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক হাসিবুল হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হালদার, ওসি (তদন্ত) রত্নেশ্বর কুমার মণ্ডল এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইব্রাহিম হোসেন মোল্লা। শহিদ পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন শহিদ যোদ্ধা এমদাদুলের মা হাসিনা বেগম। এছাড়া জুলাই আন্দোলনের যোদ্ধা রাফসান ইয়াদ বক্তব্য দেন।

আত্রাই : নওগাঁর আত্রাইয়ে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা হয়েছে। গতকাল সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন ইউএনও মনিরুজ্জামান। বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা খায়রুল আলম, ওসি মাহবুব আলম, উপজেলা কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মাকসুদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম কামরুজ্জামান, প্রাণিসম্পদ কর্মকর্তা আবু আনাছ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট প্রমুখ।

কয়রা : কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদের পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা শেখ সাইফুল্লাহ, জুলাই যোদ্ধা আলতাফ মাহমুদ প্রমুখ।

মধুপুর : টাঙ্গাইলের মধুপুরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(১৬ জুলাই )সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত জুলাই শহিদ দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন, ওসি এ কে এম ফজলুল হক,জুলাই আন্দোলনের সমন্বয়ক সবুজ মিয়া, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল কাদির,স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. সাইদুর রহমান,বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার, জুলাই যুদ্ধাহত সোহানুর রহমান প্রমুখ। আলোচনা সভায় জুলাই আন্দোলনের অংশ নেয়া ছাত্র, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক দলের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা কর্মচারী সাংবাদিকসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়