ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
উপজেলা সদর দপ্তর স্থাপন দাবিতে সকাল সন্ধ্যা হরতাল পালন

চট্টগ্রামের ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপন ভূজপুর নয়, দাবি করে দাতমারা ইউনিয়ন থেকে নারায়নহাট ইউনিয়নের মাঝামাঝি স্থানে স্থাপনের দাবিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল পালন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল থেকে পূর্বঘোষণা অনুযায়ী বারৈয়ারহাট-খাগড়াছড়ি ও গহিরা-হেঁয়াকো সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে রাস্তায় অবস্থান করেন স্থানীয়রা। এরমধ্যে স্থানগুলো হলো- হেয়াকো, করিলা তাকিয়া, বালুটিলা, দাতমারা, নারায়নহাটসহ বারৈয়ারহাট-খাগড়াছড়ি সড়কের চিকনছড়া এলাকায় সড়কের ওপর রাখা হয় ট্রাক। ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদের আহ্বানে এ হরতাল কর্মসূচিতে অংশ নেন বাগানবাজার, দাঁতমারা ও নারায়ণহাট ইউনিয়নের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদের সমন্বয়করা জানান, ন্যায্য দাবি নিয়ে মাঠে আছি। আমাদের দাবি যৌক্তিক স্থানে উপজেলা সদর স্থাপিত হোক। আমরা মানববন্ধন, সড়ক অবরোধ, সংবাদ সম্মেলন, স্মারকলিপি প্রদানসহ একাধিক কর্মসূচি পালনের মধ্যমে সরকারকে জানান দিয়েছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে না নেওয়ায় হরতালের মতো কর্মসূচি দিতে হলো।
"






































