হাসান আলী, চুনারুঘাট (হবিগঞ্জ)

  ১২ ঘণ্টা আগে

চুনারুঘাট

সাতছড়ির ত্রিপুরা পল্লিতে ভাঙন আতঙ্ক

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে মারাত্মক ভাঙনের মুখে পড়েছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদযান-সংলগ্ন ত্রিপুরা পল্লি। ইতোমধ্যে পল্লির কয়েকটি বসতঘর ভেঙে গেছে। দ্রুত গাইডওয়াল নির্মাণ না হলে চলতি বর্ষায় পুরো পল্লি বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

সরেজমিনে দেখা গেছে, চলতি বর্ষা মৌসুমে দফায় দফায় ভারী বৃষ্টিতে সাতছড়ির পাহাড়ি ছড়াগুলোয় তীব্র ভাঙন দেখা দিয়েছে। এর প্রভাবে উদযান-সংলগ্ন ত্রিপুরা পল্লির ২৪টি পরিবারের চলাচলের একমাত্র সড়কটি ভেঙে পড়েছে। গাইডওয়াল না থাকায় টিলা ধসে কয়েকটি ঘর ছড়ায় বিলীন হয়েছে। আগে থেকেই ভেঙে পড়া একমাত্র যোগাযোগ সেতুটি দুই বছর ধরে চলাচলের অযোগ্য থাকায় পল্লির সঙ্গে উপজেলা শহরে যাতায়াত কার্যত বিচ্ছিন্ন। স্থানীয়রা ছড়া পেরিয়ে চরম দুর্ভোগের মধ্যে চলাচল করছেন। তবে বৃষ্টির সময় সেটি আরো অসম্ভব হয়ে পড়ে। পল্লিবাসীর ভাষ্য, প্রতিবছর বর্ষায় ভাঙনে তাদের বসতভিটা ক্ষতিগ্রস্ত হয়। তবে এ বছর পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করেছে।

ত্রিপুরা পল্লির হেডম্যান চিত্ত দেববর্মা বলেন, আমরা এখানে যুগ যুগ ধরে বসবাস করে আসছি, আমাদের জন্ম এখানে মৃত্যুও এখানেই হবে। বারবার দাবি জানানো হলেও প্রশাসনের পক্ষ থেকে সড়ক সংস্কার কিংবা ভাঙনরোধে কার্যকর কোনো উদ্যোগই নেওয়া হয়নি। তিনি আরো বলেন, চলতি মৌসুমে যেভাবে ভাঙন শুরু হয়েছে, তাতে মনে হয় না ত্রিপুরা পল্লিতে থাকতে পারব। ইতোমধ্যে পাঁচটি পরিবার গৃহহীন হয়েছে। ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না। সরকারের কাছে আমাদের দাবি, মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার।

এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী বলেন, ত্রিপুরা পল্লির ভাঙন রোধে বড় ধরনের আর্থিক বরাদ্দ প্রয়োজন। স্থানীয় বাসিন্দারা লিখিত আবেদন দিলে সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থাসহ ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর বিকল্প আবাসনের বিষয়েও উদ্যোগ গ্রহণ করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়