রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
বেগনাই বাজার হাটশেড এখন মরণফাঁদ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের প্রায় ১০টি গ্রামের প্রাণকেন্দ্র বেগনাই বাজার। যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতার কারণে স্থানীয় গ্রামগুলোর কয়েক হাজার মানুষের নিত্যপণ্য কেনার একমাত্র ভরসা এই বাজার। কিন্তু বর্তমানে রক্ষণাবেক্ষণের অভাবে বাজারটির একমাত্র শেডটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে, যার ফলে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী ও ক্রেতারা।
সরেজমিনে দেখা যায়, বাজারের গুরুত্বপূর্ণ এই হাটশেডটির উপরের টিনের চালাগুলো জরাজীর্ণ। মরিচা ধরে চালাগুলো ভেঙে ঝুলে পড়েছে। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে শেডের নিচে পানি জমছে এবং ওপর থেকে বৃষ্টির পানি সরাসরি ভেতরে পড়ছে। এতে সবজি, মাছ ও মুদি মালামাল নিয়ে বসা ক্ষুদ্র ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছেন।
বাজারে নিয়মিত ব্যবসায়ী আবুল জানান, আগে এই শেডে আমরা নিরাপদে মালামাল নিয়ে বসতে পারতাম। কিন্তু এখন টিনগুলো নষ্ট হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টি হলেই মালামাল নষ্ট হয়ে যায়। শেডের নিচে এখন কেউ বসতে সাহস পায় না, কারণ যেকোনো সময় জরাজীর্ণ কাঠামোটি ভেঙে পড়ার ঝুঁকি রয়েছে।
স্থানীয় সচেতন মহলের দাবি, গত কয়েক বছর ধরে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বহুবার মৌখিক ও লিখিত আবেদন জানানো হলেও এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
বৃষ্টির মৌসুম চলমান থাকায় ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণ দিন দিন বাড়ছে। দ্রুত এই হাটশেডটি সংস্কার বা নতুন করে নির্মাণ করা না হলে এই অঞ্চলের গ্রামীণ অর্থনীতি ও বাজারব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হবে।
স্থানীয় এলাকাবাসী এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত কার্যকরব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
"





































