সংক্ষিপ্ত সংবাদ

মেডিকেল ক্যাম্প
বান্দরবান প্রতিনিধি
সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে মানবিক সহায়তার অংশ হিসেবে বান্দরবান বিজিবি সেক্টর সদর দপ্তরের উদ্যোগে বন্যাদুর্গত অসহায় মানুষের জন্য একটি বিশেষ বিনামূল্যের মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়েছে। এ ক্যাম্পে ১৫২টি পরিবারের প্রায় ৩৫০ জন বন্যাদুর্গত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। গত রবিবার রোয়াংছড়ি ক্রাইক্ষ্যংপাড়ার শহীদ মোশারফ বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পটি বান্দরবান বিজিবি সেক্টর সদর দপ্তরের ব্যবস্থাপনায় এবং সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল, বিএসপির দিকনির্দেশনায় অনুষ্ঠিত হয়।
মেলা উদ্বোধন
মদন প্রতিনিধি
নেত্রকোনার মদন উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী কৃষিপ্রযুক্তি মেলা-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে উপজেলা পরিষদ চত্বরে ফ্লাড রিকন্সট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট (ফ্রিপ) প্রকল্পের আওতায় এ মেলার উদ্বোধন করা হয়। আগামী ২২ জুলাই পর্যন্ত মেলা চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। সভাপতিত্ব করেন ইউএনও নাদির হোসেন শামীম। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান মিজান। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, উপজেলা বিএনপির সহসভাপতি ও কাইটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের আজাদ, মদন থানার ওসি সালাহউদ্দিন করিম, উপজেলা জামায়াতের নায়েবে আমির রিয়াজউদ্দীন ইদ্রিস মাস্টার প্রমুখ।
সহায়তা প্রদান
নন্দীগ্রাম প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, অসহায় ও দরিদ্র পরিবারে তাৎক্ষণিক সহায়তায় তৎপর উপজেলা প্রশাসন। জরুরি খাদ্য সংকট দূর করতে সরকারের মানবিক উদ্যোগের সন্তুষ্টি প্রকাশ করেছেন উপকারভোগীরা। ইতোমধ্যে উপজেলার শতাধিক পরিবার বিনামূল্যে শুকনো খাবার পেয়েছে। জেলা প্রশাসন থেকে আরো খাদ্য সহায়তা বরাদ্দের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। গতকাল উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সরদার ফজলুল করিম জানান, প্রাকৃতিক দুর্যোগে গ্রামীণ জনপদের ক্ষতিগ্রস্ত পরিবারের নিয়মিত খোঁজখবর রাখছেন ইউএনও শারমিন আরা। এ পর্যন্ত দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫০ জনকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
গাঁজাসহ গ্রেপ্তার
ধুনট প্রতিনিধি
বগুড়ার ধুনটে রবিবার ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের দুটি পালসার মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গেন্দুকুড়ি গ্রামের নূরনবী খন্দকার ও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চাচিয়া মীরঞ্জ গ্রামের মিলন মিয়া। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার এসআই তাহিদুল আলম বাদী হয়ে ওই দুই মাদক কারবারির বিরুদ্ধে ধুনট থানায় মামলা করেছেন।
মাসিক সভা
চাটমোহর-ভাঙ্গুড়া প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা। ইউএনও আরিফুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, ভাঙ্গুড়া থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাকিউল আযম, উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মুজাহিদ স্বপন, সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হীরক, উপজেলা জামায়াতের আমীর মহির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সভাপতি ও সংবাদ পত্রিকার ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি মো. রায়হান আলীসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা।
"






































