বেনাপোল (যশোর) প্রতিনিধি
যশোর সীমান্তে রুপা ও মাদকসহ আটক ৪

যশোর সীমান্তে পৃথক অভিযানে সাত কেজি ৯৩০ গ্রাম রুপা, ২৫ বোতল বিদেশি মদ ও ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে চারজনকে আটক করা হয়েছে। গত রবিবার রাতে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি জানায়, গোপন সংবাদে যশোর-নড়াইল মহাসড়কের নীমতলা এলাকায় অভিযান চালিয়ে রবিউল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার ব্যাগে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭ কেজি ৯৩০ গ্রাম রুপা উদ্ধার করা হয়। এ সময় একটি মোবাইল ফোন ও নগদ ১৮ হাজার ৩৩০ টাকাও জব্দ করা হয়। আটক রবিউল ইসলাম সাতক্ষীরার কলারোয়া উপজেলার আলাইপুর উত্তর গ্রামের বাসিন্দা।
এদিকে, শার্শার কাশিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি ও র্যাবের যৌথ অভিযানে গোপীনাথপুর ও টেংরালী বাউন্ডারীপাড়া গ্রামে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪৮৬ বোতল ভারতীয় এস্কাফ উইনিক্স সিরাপসহ তিনজনকে আটক করা হয়।
বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া রৌপ্য, মদ ও সিরাপের মোট সিজার মূল্য ৪৩ লাখ ২৫ হাজার ৭৮০ টাকা। আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় এবং রৌপ্যসহ আটক ব্যক্তিকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
"





































