রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
ফুটবল খেলা নিয়ে বিরোধ
ছুরির আঘাতে যুবক নিহত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে ইলিয়াস খান (২৬) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। তিনি ওই এলাকার সাত্তার খানের ছেলে। গত রবিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানা গেছে, ফুটবল খেলাকে কেন্দ্র করে সিয়াম আহমেদের বাবা রাসেল আহমেদের সঙ্গে ইলিয়াস খানের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রাসেল আহমেদ ও তার কিশোর ছেলে সিয়াম আহমেদ ধারালো অস্ত্র দিয়ে ইলিয়াসকে আঘাত করেন। এতে গুরুতর আহত হন ইলিয়াস। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কালিঞ্জা এলাকার ইউপি সদস্য জহুরুল ইসলাম বলেন, ইলিয়াস নামে এক যুবকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছে। তিনিও ঘটনাস্থলে রয়েছেন।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
অভিযুক্ত রাসেল আহমেদ ও তার ছেলে সিয়াম আহমেদ ঘটনার পর থেকে আত্মগোপনে থাকায় তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।
উল্লাপাড়া এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচি
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এলজিইডি প্রায় দুই কিলোমিটার সড়কের পাশে নানা জাতের গাছ লাগাচ্ছে। সলপ ইউনিয়নের নওকৈড় সড়কের ধারে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানো হচ্ছে। জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান গত রবিবার এ কর্মসূচির উদ্বোধন করেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উল্লাপাড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর ও বিভিন্ন এলাকায় সড়কের পাশে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর পরিকল্পনা করে তা বাস্তবায়ন করা হচ্ছে। উল্লাপাড়া এলজিইডি এ কর্মসূচি বাস্তবায়ন করছে। বিভিন্ন পথের পাশে লাগানো গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ এলজিইডি থেকে করা হবে বলে জানা গেছে। উপজেলার নওকৈড় সড়কের পাশে গাছ লাগানো উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংসদ সদস্যের সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা প্রকৌশলী এম শহিদুল্লাহ প্রমুখ।
"






































