মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
মাধবপুরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের মহাদেবপুর গ্রাম থেকে নিখোঁজ আলী হোসেন (২২) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের আব্দুল আহাদের ছেলে।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন বলেন, গত শনিবার বেলা ১১টার পর থেকে আলী হোসেন নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে রবিবার ধর্মঘর এলাকায় মাইকিং করেন। পাশাপাশি স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার সন্ধান চেয়ে পোস্ট করেন।
সোমবার সকাল ৭টার দিকে মহাদেবপুর গ্রামে আলী হোসেনের বাড়ি থেকে প্রায় ৭০০ গজ দূরে বর্ষার পানিতে তলিয়ে থাকা একটি জমিতে তার ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, কয়েকদিন পানিতে থাকায় মরদেহ কিছুটা ফুলে গিয়েছিল।
নিহতের বাবা আব্দুল আহাদ বলেন, আলী হোসেন হোটেলে কাজ করার পাশাপাশি রাজমিস্ত্রির কাজও করতেন।
"






































