বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

  ১৬ ঘণ্টা আগে

সল্ট কারখানায় বিস্ফোরণ

দগ্ধ যুবকের চার দিন পর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট কারখানায় বিস্ফোরণে দগ্ধ হওয়ার চার দিন পর গত রবিবার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন নূর নবী হৃদয় (২৫)। বিষয়টি নিশ্চিত করেন চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।

‘খালা, আমার চোখ তো ঝলসে গেছে। কিছুই দেখতে পাচ্ছি না। আমার ছেলেটাকেও শেষবারের মতো দেখতে পারছি না। আমার অবুঝ শিশুটাকে দেখবেন’ আইসিইউতে নেওয়ার ঠিক আগে খালা নার্গিস আক্তারের উদ্দেশে কথাগুলো বলেছিলেন নূর নবী হৃদয় (২৫)। আগুনে ঝলসে যাওয়া শরীর তখন মৃত্যুর সঙ্গে লড়ছে। চোখে আর আলো নেই, তবু বুকভরা ছিল একটাই হাহাকার- শেষবারের মতো সন্তানকে দেখতে না পারার আক্ষেপ।

মাত্র দুই বছরের সংসার। ঘরে এক বছর দুই মাস বয়সি একমাত্র ছেলে। পরিবারের স্বপ্ন ছিল, ছেলেটি বড় হয়ে বাবার হাত ধরেই হাঁটবে। কিন্তু জীবিকার তাগিদে কাজে যাওয়া সেই বাবার আর ঘরে ফেরা হলো না।

হৃদয় বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী ইউনিয়নের চরখিজিরপুর গ্রামের উত্তর সাতঘড়িয়াপাড়ার নুরুচ্ছফার ছেলে। সংসারে স্বচ্ছলতা ফেরানোর আশায় কন্ট্রাকটারের অধীনে কাজ করতেন। কিন্তু গত ১৬ জুলাই কারখানাটিতে ঘটে ভয়াবহ বিস্ফোরণ। মুহূর্তেই আগুনে দগ্ধ হন হৃদয়সহ ১১ শ্রমিক।

চিকিৎসকদের তথ্য অনুযায়ী, হৃদয়ের শরীরের প্রায় ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল। প্রথমে তাকে চমেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়