খুলনা ব্যুরো
খুলনায় শহীদ সাকিব রায়হানের কবর জিয়ারত

ঐতিহাসিক ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষেখুলনা মহানগরী জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নগরীর সোনাডাঙ্গাস্থ বসুপাড়া কবরস্থানে শহীদ সাকিব রায়হানের করব জিযারত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় শহীদের পিতা শেখ মো. আজিজুর রহমানসহ নেতৃবৃন্দ কবর জিয়ারত করেন। এ সময় তিনি শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, আমরা জুলাই শহীদদের কাছে চিরঋণী। আজ আমাদের শপথ নিতে হবেÍশহীদদের এই রক্ত যেন কোনোভাবেই বৃথা না যায়। একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, ন্যায়বিচারভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার মাধ্যমেই কেবল আমরা তাঁদের এই ঋণ আংশিক পরিশোধ করতে পারি।’
তিনি জুলাই শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাদের আদর্শ ধারণ করে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় মহানগরী কর্মপরিষদ সদস্য মাওলানা শাহরুল ইসলাম, সোনাডাঙ্গা থানা সেক্রেটারি মো. জাহিদুর রহমান নাঈম, ২৫ নং ওয়ার্ড আমীর ড. তহিরুল আহসান ত্বহা, ১৭ নং ওয়ার্ড আমীর রবিউল ইসলাম, ১৮নং ওয়ার্ড আমীর মশিউর রহমান রমজান, ১৯নং ওয়ার্ড আমীর আবুল কালাম আযাদ, ২০নং ওয়ার্ড আমীর ডা. আবুল খায়ের, ১৮নং ওয়ার্ড সেক্রেটারি মাওলানা মন্জুরুল ইসলাম, ২৫নং ওয়ার্ড সেক্রেটারি মুহাদ্দিস শহিদুল ইসলাম, রহমতপাড়া ইউনিট সভাপতি মো. জসিম শেখ, ইসলামাবাদ ইউনিট সভাপতি মো. খাইরুল ইসলাম, সিদ্দিকীয়া ইউনিট সভাপতি আব্দুস সাত্তার, বকুল বাগান ইউনিট সভাপতি গাজী ইমামুল হক, খানজাহান আলী ইউনিট সেক্রেটারি মুস্তাফিজ মাহিম, সিদ্দিকীয়া ইউনিট সেক্রেটারি সেলিম খান, আব্দুল কাদের, শামিম, আহমেদ আলীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই ঢাকার মিরপুরে পুলিশের গুলিতে নিহত হন সাকিব রায়হান। পরে তাকে খুলনায় এনে বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়। সাকিব রায়হান তিন ভাই-বোনের মধ্যে সবার ছোট। তিনি পবিত্র কুরআনের ১৮ পারার হাফেজ। খুলনা থেকে ঢাকায় গিয়েছিলেন চাকরীর খোঁজে। কিন্তু আন্দোলনে অংশ নিয়ে শহীদ হয়ে বাড়ি ফেরেন।
"








































