শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
পোতাজিয়া স্বাস্থ্যকেন্দ্র
জেনারেটর নষ্ট দুই বছর দুর্ভোগে রোগীরা

সিরাজগঞ্জের শাহজাদপুরে একমাত্র সরকারি হাসপাতাল পোতাজিয়া স্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘদিন ধরে জেনারেটর নষ্ট থাকায় নানাবিধ সমস্যা হচ্ছে। এতে চরম সমস্যায় পড়েছেন রোগীরা। যেন দেখার কেউ নেই।
সরেজমিনে গতকাল মঙ্গলবার স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে দেখা গেছে, নানাবিধ সমস্যা রয়েছে এই হাসপাতালে। এর মধ্যে জেনারেটর একটি অন্যতম সমস্যা। হাসপাতালের জুনিয়র মেকানিক্যাল কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, প্রায় দুই বছর ধরে জেনারেটর নষ্ট। শুধু ব্যাটারি নষ্ট হয়ে গেছে। ব্যাটারি লাগালে পুনরায় চালু হবে। মাত্র ৫০ হাজার টাকা হলেই পুনরায় চালু হবে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মাসুদ রানা বলেন, অনেকদিন জেনারেটর বন্ধ রয়েছে। বর্তমানে প্রচন্ড লোডশেডিং। বিশেষ করে অপারেশন করার সময় বিদ্যুৎ চলে গেলে ‘ওটি’ বন্ধ রাখতে হয়। কি যে সমস্যায় পড়তে হয়। অনেক জায়গায় বলেও কোনো কাজ হয়নি। জরুরিভিত্তিতে ব্যাটারি মেরামতের দাবি জানান।
পোতাজিয়া গ্রামের শত শত মানুষ অভিযোগ করেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনেক ভালো মানুষ। তার কাছে জেনারেটর চালুর দাবি জানান তারা।
"






































