সিরাজগঞ্জ প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, ধারালো অস্ত্রের কোপে আহত ২

ছবি : প্রতিদিনের সংবাদ

সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার ধানগড়া মধ্যপাড়া এলাকায় মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ ও ধারালো অস্ত্রের হামলার ঘটনায় দুই যুবক গুরুতর আহত হয়েছেন। গত মঙ্গলবার রাত ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন—আব্দুর রহমান (১৮) ও হাছান শেখ (২২)।

আহতদের পরিবারের অভিযোগ, স্থানীয় বাসিন্দা টিটোন (৪৫) মাদক সেবন করে বাড়িতে এসে গালাগাল করছিলেন। এতে বাধা দিলে প্রথমে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আব্দুর রহমান ও হাছান শেখ রক্তাক্ত জখম হন।

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় মাদক সেবন নিয়ে দীর্ঘদিনের বিরোধের জের ধরেই এই রক্তক্ষয়ী সংঘর্ষের সূত্রপাত হয়েছে। তবে অভিযুক্ত টিটোনের মুঠোফোন বন্ধ থাকায় এবং ঘটনার পর থেকে তিনি পলাতক থাকায় এ বিষয়ে তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আহতদের স্বজনরা জানান, গুরুতর আহত আব্দুর রহমানকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বগুড়ায় পাঠানো হয়। সেখানকার চিকিৎসকদের পরামর্শে বর্তমানে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্য আহত যুবক হাছান শেখ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, “খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়