সিরাজগঞ্জ প্রতিনিধি
ফুলজোড় নদীর সেতুসংলগ্ন সড়কে ধস, যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাঁতী ইউনিয়নের ফুলজোড় নদীর সেতুর সংযোগ সড়কের একাংশ ধসে পড়েছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়ে চলাচল করছে পথচারীসহ বিভিন্ন যানবাহন। দ্রুত সংস্কার করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে দেখা গেছে, সেতুর পশ্চিম পাশে সংযোগ সড়কের একটি বড় অংশ ধসে গিয়ে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনা এড়াতে স্থানীয় লোকজন ইট ও গাছের ডালপালা দিয়ে ঝুঁকিপূর্ণ স্থানটি চিহ্নিত করে রাখলেও তা কোনোভাবেই নিরাপদ নয়। বিশেষ করে রাতের অন্ধকার ও বৃষ্টির সময় সেখানে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন শত শত মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন এই সড়ক দিয়ে যাতায়াত করে। দীর্ঘদিন ধরে এই বিপজ্জনক গর্তটি তৈরি হয়ে থাকলেও স্থায়ীভাবে সড়কটি সংস্কারের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এলাকাবাসীর দাবি, দ্রুত গর্তটি সংস্কার করে সেতুর সংযোগ সড়কটি পুরোপুরি চলাচল উপযোগী করা হোক। একই সঙ্গে স্থায়ী সংস্কার না হওয়া পর্যন্ত ওই ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা, ব্যারিকেড ও সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের দাবি জানিয়েছেন তাঁরা।
রায়গঞ্জ উপজেলা প্রকৌশলী রবিউল আলম বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। সাময়িকভাবে মাটি ভরাট ও রাস্তা সংস্কার করে জনগণের ভোগান্তি দূর করা হবে। পরবর্তীতে সড়কটি পাকাকরণ করা হবে। দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপাতত ঝুঁকি এড়াতে অস্থায়ী ব্যারিকেডের ব্যবস্থা করা হবে এবং স্থায়ী সংস্কারের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।”
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল খালেক পাটোয়ারী বলেন, “বিষয়টি অবগত হওয়ার পরপরই আমি উপজেলা প্রকৌশলীকে জনগণের ভোগান্তি দূরীকরণে দ্রুত রাস্তাটি সংস্কারের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি।”
সেতুসংলগ্ন এই ব্যস্ততম সড়কের ধসে যাওয়া অংশ সংস্কার করে জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
পিডিএস/এমএইউ









































