আকবর হোসেন, মধুপুর (টাঙ্গাইল)

  ১৫ ঘণ্টা আগে

টাঙ্গাইলের মধুপুর

আফ্রিকান জায়ান্ট শামুকের ব্যাপক উপদ্রব, কৃষি ও জনস্বাস্থ্য হুমকিতে

টাঙ্গাইলের মধুপুরে আক্রমণাত্মক বিদেশি প্রজাতির আফ্রিকান জায়ান্ট শামুক দ্রুত বিস্তার লাভ করায় কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছে। কয়েক মাস ধরে সন্ধ্যার পর লোকালয়, বাড়ির আঙিনা, রাস্তা, দেয়াল, গাছপালা এবং কৃষিজমিতে শত শত ছোট-বড় শামুকের উপস্থিতি লক্ষ করা যাচ্ছে। এতে সবজি, ফলগাছ ও বিভিন্ন কৃষি ফসলের কচিপাতা খেয়ে ব্যাপক ক্ষতি করছে এ প্রাণী।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আগে এসব শামুক মূলত বনাঞ্চল ও পাহাড়ি এলাকায় সীমাবদ্ধ থাকলেও বর্তমানে মধুপুর পৌর শহর, অরণখোলা, কুড়াগাছা, বেরিবাইদ, আউশনারা ও ফুলবাগচালা ইউনিয়নের বিভিন্ন এলাকায় দ্রুত ছড়িয়ে পড়েছে। দ্রুত বংশবিস্তার করায় প্রতিদিনই এদের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

কুড়াগাছা ইউনিয়নের মহসিন বলেন, প্রতিদিন সন্ধ্যার পর বাড়ির আঙিনা, দেয়াল ও গাছে অসংখ্য আফ্রিকান জায়ান্ট শামুক দেখা যায়। এগুলো সবজি ও ফলগাছের কচি পাতা খেয়ে ফেলছে। শিশুদের নিরাপত্তা নিয়েও আমরা উদ্বিগ্ন। দ্রুত প্রশাসনের কার্যকর ব্যবস্থা প্রয়োজন।

অরণখোলা ইউনিয়নের কৃষক আব্দুল কাদের বলেন, আমার সবজি ক্ষেতের অনেক গাছ এসব শামুক নষ্ট করে ফেলেছে। দিন দিন এদের সংখ্যা বাড়ছে। দ্রুত দমন করা না গেলে কৃষকদের বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দিনের বেলায় এসব শামুক আর্দ্র, ছায়াযুক্ত স্থান ও ঝোপঝাড়ে লুকিয়ে থাকে। সন্ধ্যার পর খাবারের সন্ধানে বের হয়ে ফসল, গাছপালা ও বসতবাড়ির আশপাশে ছড়িয়ে পড়ে। প্রায় এক বছর আগে হাতেগোনা কয়েকটি শামুক দেখা গেলেও বর্তমানে এর বিস্তার কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে।

?বিশেষজ্ঞদের মতে, আফ্রিকান জায়ান্ট শামুক বিশ্বের অন্যতম ক্ষতিকর আক্রমণাত্মক প্রজাতি। এটি শতাধিক ধরনের কৃষিজ ফসল ও উদ্ভিদের ক্ষতি করতে সক্ষম। এছাড়া এ শামুকের মাধ্যমে কিছু পরজীবী ছড়ানোর ঝুঁকি রয়েছে, যা বিরল ক্ষেত্রে মানুষের জন্য স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করতে পারে। তাই খালি হাতে শামুক না ধরা এবং স্পর্শ করলে সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

?কৃষিবিদদের মতে, সময়মতো কার্যকর দমন ব্যবস্থা গ্রহণ না করলে এ শামুক কৃষিজ উৎপাদন, জীববৈচিত্র্য ও স্থানীয় পরিবেশের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এদিকে স্থানীয় বাসিন্দারা প্রশাসন, কৃষি বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগে জরুরিভিত্তিতে আফ্রিকান জায়ান্ট শামুক দমনে অভিযান পরিচালনা, জনসচেতনতা বৃদ্ধির দাবি জানান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়