রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
ভবনের ওপরে পড়ে আছে গাছ
রায়গঞ্জে ঝুঁকি নিয়ে শিশু শিক্ষার্থীদের পাঠদান

মাসাধিককাল ধরে সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রাথমিক বিদ্যালয় ভবনে ওপরে পড়ে আছে বিশাল একটি গাছ। আর সেই ঝুঁকিপূর্ণ ভবনেই প্রতিদিন চলছে পাঠদান। এতে উদ্বেগে রয়েছেন অভিভাবকরা। গত বুধবার সকালে উপজেলার দাদপুর সাহেবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গেলে এমন দৃশ্য চোখে পড়ে।
জানা গেছে, গত ১৭ জুন রাতে ঝড়ো হাওয়ায় ইউক্যালিপটাস গাছটি স্কুল ভবনে উপড়ে পড়ে। এতে ভবনের সামনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। প্রায় ২০ দিন পেরিয়ে গেলেও গাছটি ভবনের ওপর ঝুঁকি নিয়েই পড়ে আছে। আর এর মধ্যেই শিক্ষকরা নিয়মিতভাবে ছেলেমেয়েদের পাঠদান করাচ্ছেন। গাছটি সরকারি হওয়ায় কেউ সরাতে আসেনি।
শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত সময়ের মধ্যে গাছটি অপসারণ ও ভবন সংস্কারে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিমা সুলতানা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গত ১৭ জুন রাতে ঝড়ে গাছটি ভবনের ওপর উপড়ে পড়ে। এ ঘটনার দুদিন পর সরকারি বিধি মেনে গাছটি দ্রুত অপসারণের জন্য সংশ্লিষ্টদের লিখিতভাবে জানিয়েছি।
"






































