সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
গাছ পড়ে ২ ঘণ্টা বন্ধ শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়ক, দীর্ঘ যানজট

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় টানা কয়েকদিনের ভারি বর্ষণে নরম হয়ে পড়েছিল মাটি। আর সেই বৃষ্টির মধ্যেই হঠাৎ বিকট শব্দে ভেঙে পড়ে একটি বিশাল
গাছ। দুর্ভাগ্যজনকভাবে, গাছটি এসে পড়ে একটি অ্যাম্বুলেন্সের ওপর।
গতকাল বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার ইছাপুরা এলাকায় সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সের ওপর গাছটি ভেঙে পড়ে। এতে শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কে সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়।
খবর পেয়ে সিরাজদিখান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছ অপসারণের কাজ শুরু করে। ফায়ার সার্ভিস ও
স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর
সকাল ৬টার দিকে গাছটি সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ঘটনার সময় অ্যাম্বুলেন্সে কোনো ব্যক্তি অবস্থান করছিলেন না। ফলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তিনি আরো জানান, এ ঘটনায় অ্যাম্বুলেন্স ও আশপাশের বৈদ্যুতিক লাইনের ক্ষতি হয়েছে।
"






































