নিজস্ব প্রতিবেদক

  ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

ট্রাম্প গাজা নিয়ে ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছেন

গোলাম পরওয়ার

আগামী ১৫ ফেব্রুয়ারি দুপুরের মধ্যে গাজায় আটকে রাখা সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি না দিলে ‘গাজা জাহান্নাম হয়ে যাবে’ বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। গতকাল বুধবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান।

গোলাম পরওয়ার বলেন, ‘ইসরায়েলিরা গাজায় যুদ্ধবিরতির চুক্তির শর্ত লঙ্ঘন করার কারণেই হামাস বন্দিমুক্তি স্থগিত ঘোষণা করতে বাধ্য হয়েছে। এ পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজাকে জাহান্নাম বানানোর হুমকি দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন। তার এ হুমকি সম্পূর্ণ অন্যায়, অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত।’ ‘তার এ উসকানিমূলক হুমকিতে সারা বিশ্বের শান্তিকামী মানুষ হতবাক ও বিস্মিত। এ হুমকি প্রদান করে তিনি আবার মধ্যপ্রাচ্যে অশান্তির আগুন জ্বালানোর ষড়যন্ত্রেরই ইঙ্গিত দিলেন। তার এ বক্তব্যে গোটা বিশ্বে তীব্র বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং আরব দেশগুলোর মধ্যে তীব্র উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।’

বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে এ ধরনের হুমকি প্রদান করা থেকে বিরত থেকে হামাস ও ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি সম্পূর্ণরূপে কার্যকর করতে ইসরায়েলিদের বাধ্য করার জন্য আমি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানাচ্ছি।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়