সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
হাঁটুপানি মাড়িয়ে স্কুলে যেতে হয় শিক্ষার্থীদের

কয়েক দিনের টানা বর্ষণে জামালপুরের সরিষাবাড়ী পৌর এলাকার ৫৫ নম্বর সরিষাবাড়ী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের মাঠ থেকে শুরু করে একাধিক শ্রেণিকক্ষ পর্যন্ত পানি জমে থাকায় শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রতিদিন দূষিত হাঁটুপানি মাড়িয়ে স্কুলে আসতে বাধ্য হচ্ছেন শিক্ষার্থী ও শিক্ষকরা।
স্থানীয় সূত্র ও বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, পৌর এলাকার গণময়দান মাঠে অবস্থিত বিদ্যালয়টি গত কয়েক দিনের টানা বৃষ্টির পর জলাবদ্ধতায় আক্রান্ত হয়। স্থানীয়দের দাবি, অপরিকল্পিতভাবে মাঠের চারপাশে বাড়িঘর নির্মাণ এবং কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি বের হতে না পেরে মাঠ ও বিদ্যালয় প্রাঙ্গণে জমে রয়েছে।
এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত অত্যন্ত দুর্বিষহ হয়ে উঠেছে। প্রতিদিন জুতা হাতে নিয়ে দূষিত পানি পেরিয়ে শ্রেণিকক্ষে পৌঁছাতে হচ্ছে তাদের। অনেক সময় পানিতে পিছলে পড়ে স্কুল ড্রেস ও বই-খাতা ভিজে যাচ্ছে। শ্রেণিকক্ষেও পানি ঢুকে পড়ায় স্বাভাবিক পরিবেশে পাঠদান সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে একাধিক শ্রেণির শিক্ষার্থীদের একই কক্ষে বসিয়ে পাঠদান চালিয়ে যেতে হচ্ছে, এতে শিক্ষার মানও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বিদ্যালয়ের শিক্ষার্থী আরিফ, হাসান ও তাহিরাসহ কয়েকজন জানায়, প্রতিদিন হাঁটুপানি মাড়িয়ে স্কুলে আসতে হয়। শ্রেণিকক্ষে পানি জমে থাকায় ঠিকমতো পড়াশোনা করা যায় না। অন্য কক্ষে গিয়ে গাদাগাদি করে বসতে হয়। দূষিত পানিতে চলাচলের কারণে অনেকের পায়ে ঘা, চুলকানি এবং বিভিন্ন ধরনের চর্মরোগ দেখা দিয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সালেহা খাতুন বলেন, ‘জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। অনেক শিক্ষার্থী ঠাণ্ডা-জ্বরে আক্রান্ত হয়ে বিদ্যালয়ে আসতে পারছে না। যারা আসছে, তাদেরও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক সময় পানিতে পড়ে বই-খাতা ও স্কুল ড্রেস ভিজে যাচ্ছে। এভাবে চলতে থাকলে শিক্ষার্থীদের শিক্ষাজীবন ও স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। তাই দ্রুত স্থায়ী সমাধান প্রয়োজন।’
তিনি আরো বলেন, দূষিত জমে থাকা পানি রোগজীবাণু ছড়িয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে তুলছে। ফলে দ্রুত পানি নিষ্কাশন ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা বলেন, ‘বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
"









































