চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

  ৪ ঘণ্টা আগে

চকরিয়ায় ব্যবসায়ীকে দিনেদুপুরে গুলি

কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নে দিনদুপুরে এক ব্যবসায়ীকে গুলি করে গুরুতর আহত করার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে এমন সময়ে, যখন স্বরাষ্ট্রমন্ত্রী জেলার বিভিন্ন কর্মসূচিতে অবস্থান করছেন। প্রকাশ্যে সংঘটিত এ হামলা স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সকালে চিরিঙ্গা ইউনিয়নের পালাকাটা ২ নম্বর ওয়ার্ডে ব্যবসায়ী রমিজ উদ্দিনের ওপর সশস্ত্র হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে লালটু এবং ওলা মিয়ার ছেলে বাবু প্রকাশ্যে রমিজ উদ্দিনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুরুতর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।

গুলির শব্দ শুনে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় রমিজ উদ্দিনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জরুরিভিত্তিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়ে দেন।

ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রকাশ্য দিবালোকে এমন হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দারা জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। চকরিয়া থানার ওসি আরিফুর রহমান বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। ভুক্তভোগী পক্ষের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।’ হামলার পেছনে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়