কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

  ১৬ ফেব্রুয়ারি, ২০২৫

কালিয়াকৈরে সড়কে ঝরল তিন প্রাণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

সেখানে তিন ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই ট্রাকচালক ও এক সহযোগীর মৃত্যু হয়েছে। রবিবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাওজোড় হাইওয়ে থানার ওসি রইছ উদ্দিন।

নিহতরা হলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার জামুরহাট গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে শাহাদত হোসেন (৩৫), একই জেলার কাহালু থানার কাজীপাড়া গ্রামের জহিরুল ইসলামের ছেলে মো. সবুজ (৩৬) ও টাঙ্গাইল সদর উপজেলার নন্দবালা গ্রামের আরিফ হোসেন। তিনি ট্রাকের সহযোগী হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর থেকে রবিবার ভোররাত ৫টার দিকে একটি ট্রাক টাঙ্গাইলের উদ্দেশ্যে যাচ্ছিল। যাওয়ার পথে কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকা গিয়ে ট্রাকটি বিকল হয়ে যায়। এ সময় বিকল হওয়া ট্রাকটি আরেকটি ট্রাকের সহযোগিতা নিয়ে টেনে নেওয়ার জন্য দুই ট্রাকের মাঝে গিয়ে বিকল হওয়া ট্রাকের চালক ও সহযোগী লোহার চেইন দিয়ে বাঁধছিল। তখন দ্রুতগতির আরেকটি ট্রাক পেছন দিক ওই ট্রাক দুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দুই ট্রাকের মাঝে থাকা চালক শাহাদত ও সবুজ ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া পেছন দিক থেকে সংঘর্ষ লাগা ট্রাকের চালক গুরুতর আহত হলে তাকেও হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

এ বিষয়ে নাওজোড় হাইওয়ে থানার ওসি রইছ উদ্দিন বলেন, নিহতদের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়