রাঙামাটি প্রতিনিধি
পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করতে নয়, চুক্তি বাস্তবায়ন চায় জনসংহতি সমিতি

‘পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করতে নয়, বরং চুক্তি বাস্তবায়ন চায়। পার্বত্য চট্টগ্রামকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। আর তা সরকার বিশ্বাস করে। এসব মিথ্যা গুজব থেকে সরকারকে বেরিয়ে আসতে হবে’ এসব কথা বলেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ৫৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটি শহরের জিমনেসিয়ামে আয়োজিত গণসমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্যে রেখেছে ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি বিরোধী ও জুম্ম স্বার্থ পরিপন্থী সকল ষড়যন্ত্র প্রতিহত করুন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলন জোরদার করুন’।
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নসহ পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধানের আহ্বান জানিয়ে ঊষাতন তালুকদার আরও বলেছেন, অনেকে মনে করেন পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন হলে পার্বত্য চট্টগ্রামকে জুম্মল্যান্ড বানানো হবে। এসব ভুল ধারনা থেকে সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের বুকে যাতে তাজা রক্ত না ঝড়ে সেজন্য শুধু সরকার নয় বৃহত্তর জনগোষ্ঠীকে এগিয়ে আসতে হবে। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে অনেকের ভুল ধারনা রয়েছে।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্য গুনেন্দু বিকাশ চাকমার সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কেএসমং মারমা, বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সহ-সভাপতি এড. ভবতোষ দেওয়ান ও হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি শান্তি দেবী তঞ্চঙ্গ্যাসহ অন্যান্য প্রমূখ।









































