মাসুম বিল্লাহ, শালিখা (মাগুরা)

  ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

গাছে গাছে উঁকি দিচ্ছে আমের মুকুল

ছবিটি শনিবার শালিখা উপজেলার আড়পাড়া ইউনিয়নের শ্রীহট্ট গ্রাম থেকে তোলা

ষড়ঋতুর এই বাংলাদেশে ঋতুরাজ বসন্ত। আর এই বসন্তের আগমনী বার্তা নিয়ে পত্রপল্লভ ভেদ করে গাছে গাছে উঁকি দিচ্ছে আমের মুকুল। হলুদ-সবুজে মিশে একাকার বর্ণিল সাজে সেজেছ প্রকৃতি। গ্রামবাংলার সর্বত্রই এখন এমন দৃশ্য বিরাজমান।

মাগুরার শালিখা উপজেলার প্রতিটি এলাকায় সারি সারি আমগাছে এবার মুকুলের পরিমাণ যেমন বেশি তেমনি ভ্রমরের আনাগোনা চোখে পড়ার মতো। সাধারণত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে বসন্তের শুরুতে আম গাছে মুকুল আসে। আর আমাদের দেশে এই সময়টাতে বৃষ্টিপাত হয় না এবং বাতাসের আর্দ্রতা কিছুটা কম থাকে, যা আমের মুকুলের পুষ্টিতে সহায়ক ভূমিকা পালন করে।

আড়পাড়া, শতখালী, তালখড়িসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায় সারি সারি আমগাছ গুলোতে মুকুলে ছেয়ে আছে প্রতিটা ডালপালা। এসকল আমের মুকুলে এখন মৌমাছির গুঞ্জন যেন প্রকৃতির চোখ জুড়ানো সৌন্দর্য।

সরে জমিনে গিয়ে দেখা যায়, বাগান পরিচর্যা নিয়ে ব্যস্তসময় পার করছেন আমচাষী ও বাগান মালিকেরা। গাছে মুকুল আসার আগে থেকেই পরিচর্যা করছে বলে জানান তারা। যাতে করে গুটি বাঁধার সময় কোন সমস্যার সৃষ্টি না হয়।

উপজেলার গোপালগ্রামের লিয়াকত বিশ্বাস বলেন, আমার ৩০টি আম গাছে এবার প্রচুর পরিমানে মুকুল এসেছে। পরিচর্যা করছি নিয়মিত। আবহাওয়া ভালো থাকলে আমের ভালো ফলন হতে পারে।

শ্রীহট্ট গ্রামের আম বাগানের মালিক খায়রুল ইসলাম বলেন, আমার ২টি আম বাগানের প্রায় ১১৮টি আম গাছ রয়েছে। এবছর যেভাবে মুকুল এসেছে শেষ পর্যন্ত থাকলে ভাল ফলন আশা করছি।

এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলমগীর হোসেন জানান, এছর শালিখা উপজেলায় আমের মুকুল বেশি এসেছে। এসময় একটি ছত্রাক নাশক স্প্রে ও সাথে কীটনাশক দেওয়া হলে পোকা মাকড়ের হাত থেকে রক্ষা পাওয়া যাবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঋতুরাজ বসন্ত,উঁকি দিচ্ছে আমের মুকুল
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়