সিরাজগঞ্জ প্রতিনিধি

  ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

ভোটারের ছবি তুলতে লাইনে দাঁড়ানো কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫

ছবি : প্রতিদিনের সংবাদ

সিরাজগঞ্জ সদর উপজেলায় হালনাগাদ ভোটার তালিকায় ছবি তুলতে এসে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে দিকে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ সংঘর্ষের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, নতুন ভোটার তালিকায় ছবি তুলতে এসে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে কালিয়া কান্দাপাড়া ও চরবনবাড়িয়া গ্রামের যুবকদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়।

এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে সংঘর্ষ দুই গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে পড়ে। এ অবস্থায় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় অন্তত ১৫ জন আহত হন। এদের মধ্যে ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মাসুদ রানা বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুই জনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আরো দুইজন সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বগুড়া,ভোটার তালিকা,সংঘর্ষ,সিরাজগঞ্জ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়