ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

  ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

ঈশ্বরগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে তারুণ্যের উৎসব বিরোধী কার্যক্রমের অভিযোগ

ছবি: প্রতিদিনের সংবাদ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা আলীনগর কারিগরি ও বাণিজ্যিক কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে ‘জুলাই বিপ্লবের চেতনা ও তারুণ্যের উৎসব ২০২৫ বিরোধী কার্যক্রম পরিচালনা এবং কলেজের জমি নিয়ে বিশৃংখলার অভিযোগ উঠেছে। বিষয়টির প্রতিকার চেয়ে উক্ত কলেজের দাতা সদস্যের ছেলে বুলবুল সরকার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সারাদেশে যথাযোগ্য মর্যাদায় তারুণ্যের উৎসব পালন হলেও উক্ত কলেজে কোন উৎসব বা কার্যক্রম পালন করা হয়নি। গত ১৫ মার্চ ২০২৩ ইং তারিখে যোগদানকৃত অধ্যক্ষ মোস্তফা কামাল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের চেতনা বিরোধী কার্যকলাপ করে আসছেন। অভিযোগে উল্লেখ করা হয় কলেজের ল্যাব সহকারি মঞ্জুরুল হকের যোগসাজসে কলেজের জমি অন্যায়ভাবে নিজেদের নামে দখলে নেয়ার চেষ্টা চালাচ্ছেন। এ নিয়ে স্থানীয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক আলোচনা সমালোচনা ক্ষোভ বিরাজ করছে।

এ বিষয়ে উপজেলা সমন্বয়ক হাসানুর রহমান সজিব বলেন, “যদি অভিযোগের মধ্যে সত্যতা থাকে এবং অধ্যক্ষের কর্মকাণ্ড ‘জুলাই বিপ্লবের চেতনার বিরোধী হয়ে থাকে, তাহলে বিষয়টি সুষ্টু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের উর্ধ্বতন কতৃপক্ষের কাছে দাবী জানান তিনি।

এব্যাপারে আলীনগর কারিগরি ও বাণিজ্যিক কলেজ অধ্যক্ষ মোস্তফা কামাল জানান, আমার বিরুদ্ধে আনীত অভিযোগটি মিথ্যা। তারুণ্যের উৎসব অনুষ্ঠান করা হয়েছে। তবে ১৩ তারিখ থেকে বোর্ড পরিক্ষা থাকায় নোটিশ দিয়ে জানানো হয়েছিল ১৮ তারিখ উৎসব। আর অভিযোগের বিষয়টি তদন্ত করতে উপজেলা মাধ্যমিক ও একাডেমিক সুপারভাইজার স্যার এসেছিলেন। উনারা তদন্ত করে গিয়েছেন।

এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে তারুণ্যের উৎসব পালন করার জন্য মন্ত্রনালয়ের নির্দেশনা রয়েছে। যদি আলীনগর কারিগরি ও বাণিজ্যিক কলেজে তারুণ্যের উৎসব পালনের বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদুল আহমেদ বিষয়টির ব্যাপারে জানান, "অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করার জন্য মাধ্যমিক শিক্ষা অফিসারকে নির্দেশ দেয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ,তারুণ্যের উৎসব ২০২৫ বিরোধী কার্যক্রম
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়