শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
শ্যামনগরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে গ্রেপ্তার ৩

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা, সন্ত্রাস, ঘের দখলসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—গুমানতলী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাসিম সরদার, পশ্চিম কৈখালী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. রুহুল কুদ্দুস এবং মুন্সিগঞ্জ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সাহাবুদ্দীন গাজী।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে ঈশ্বরীপুর ইউনিয়নের সোনারমোড় মাছের আড়ৎ থেকে হাসিম সরদারকে গ্রেপ্তার করা হয়। এর আগে, বুধবার দিবাগত রাত ২টার দিকে রুহুল কুদ্দুস ও সাহাবুদ্দীন গাজীকে যথাক্রমে পশ্চিম কৈখালী ও মুন্সিগঞ্জ এলাকা থেকে আটক করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, হাসিম সরদারের বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে, যার মধ্যে হত্যাসহ একাধিক গুরুতর অপরাধের অভিযোগ আছে। তিনি শ্যামনগরের আলোচিত সন্ত্রাসী হিসেবে পরিচিত এবং স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। অপরদিকে, রুহুল কুদ্দুসের বিরুদ্ধে পাঁচটি মামলা এবং সাহাবুদ্দীন গাজীর বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবীর মোল্যা জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনের মামলা (নং ১৬/৩৩২, তারিখ ২৯ নভেম্বর) দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, অপারেশন ডেভিল হান্টের আওতায় শ্যামনগরের অপরাধীদের ধরতে বিশেষ অভিযান চালানো হচ্ছে। সন্দেহভাজনদের আইনের আওতায় আনা হবে এবং তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হাসিম সরদার দীর্ঘদিন ধরে শ্যামনগরে অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করছিলেন। তিনি সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জগলুল হায়দারের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি নিজস্ব বাহিনী তৈরি করেছিলেন এবং ঘের দখলসহ নানা অপকর্মে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
তবে স্থানীয় আওয়ামী লীগের নেতারা এই গ্রেপ্তারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তারা দাবি করেছেন, সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করা হোক এবং রাজনৈতিক উদ্দেশ্যে কাউকে হয়রানি করা না হোক।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, অপারেশন ডেভিল হান্টের আওতায় আরও অভিযান পরিচালিত হবে এবং শ্যামনগরকে সন্ত্রাস ও অপরাধমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পিডিএস/এমএইউ









































