ইদ্রিস আলী, চৌহালী (সিরাজগঞ্জ)
চৌহালীতে আগাম ইরি-বোরো চাষে ব্যস্ত কৃষকরা

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় সাতটি ইউনিয়নে আগাম ইরি-বোরো চাষে নেমেছেন চাষিরা। চলতি বোরো মৌসুমের শুরুতেই শীত উপেক্ষা করে বীজতলা থেকে বীজ আহরণ করে উপজেলার বিভিন্ন এলাকায় বোরো ধানের চারা লাগাতে এখন ব্যস্ত সময় পার করছেন তারা।
চাষের সময়ে আবহাওয়া অনুকূল থাকলে এ বছরও বাম্পার ফলনের আশা করছে কৃষি সম্প্রসারণ বিভাগ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি ইরি-বোরো মৌসুমে শুধু চৌহালী উপজেলার সাতটি ইউনিয়নে মোট ৩ হাজার ৬৬০ হেক্টর জমি ইরি-বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এরমধ্যে আগাম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৪১৪ হেক্টর ৩৮.৬৩% জমি। চাষকৃত জমিতে ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২০ হাজার ১৩০ মেট্টিক টন চাল।
বাকি ২ হাজার ২৪৬ হেক্টর জমিতে চাষ হবে হাইব্রিড ধান।
ইতোমধ্যেই সাতটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় আগাম চাষ শুরু করেছেন চাষিরা।
খাষকাউলিয়া গ্রামের কৃষক মো. ইউছুফ আলী জানান, সরকারি প্রণোদনার অংশ হিসেবে হাইব্রিড ধানের বীজ পেয়ে আগাম চাষ শুরু করেছি। কৃষি অফিস আমাদেরকে পরামর্শ দিচ্ছেন ৷
উপজেলা কৃষি অফিসার মো. জাহিদুল ইসলাম জানান, আবহাওয়া বৈরী না হলে এবং কীটপতঙ্গের আক্রমণ কম হলে এ বছরও ফসলের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। এখন পর্যন্ত প্রায় ৩৮.৬৩% জমিতে ইরি-বোরোর বপন করা হয়েছে ৷ কৃষি অফিস থেকে কৃষকদের সব ধরনের সহযোগিতা ও পরামর্শ প্রদান করা হচ্ছে।
পিডিএস/এমএইউ









































