সিরাজগঞ্জ প্রতিনিধি
বৈষম্যবিরোধী আন্দোলনের কমিটি বহালের দাবিতে সড়ক অবরোধ

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থগিত করা কমিটি বহালের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সেই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্রদের বিতর্কিত বলায় যমুনা টিভির সাংবাদিক গোলাম মোস্তফা রুবেলের শাস্তির দাবি জানিয়েছে তারা।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহরের নিউ ঢাকা রোডের রেলগেট এলাকায় চাররাস্তা বন্ধ করে দিয়ে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করে তারা। এ সময় রাস্তা ব্লকড করে সেখানে ফুটবল খেলতে দেখা যায় শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা আগের কমিটি বহাল রাখা ও চাঁদাবাজদের বিরুদ্ধে শ্লোগান দিতে থাকেন। সেই সাথে যমুনা টিভির সাংবাদিক গোলাম মোস্তফা রুবেলের বিচার দাবিতে বিভিন্ন শ্লোগান দেন। কমিটি পূর্ণবহালের দাবিতে একই সঙ্গে জেলার ৯টি উপজেলাতেও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা আরও বলেন, গত ৮ তারিখে অনুমোদিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলা কমিটি পূর্ণবহাল করতে হবে। সিরাজগঞ্জে কোন চাঁদাবাজকে ঠাঁই দেওয়া যাবে না। সাংবাদিক গোলাম মোস্তফা রুবেল বৈষম্যবিরোধী ছাত্রদের বিতর্কিত বলেছে, তার বিচার করতে হবে। তিনি হলুদ সাংবাদিকতা করেছেন। একপাক্ষিক বক্তব্য নিয়েছে, আমাদের কোন কথা না শুনেই নিউজ করে চাঁদাবাজদের হয়ে কথা বলেছেন। আমরা অবিলম্বে অনুমোদিত কমিটির পূর্ণবহাল চাই এবং সাংবাদিক রুবেলের বিচার দাবি জানাই।
স্থগিত কমিটির সিনিয়র মুখ্য সংগঠক যুবায়ের-আল ইসলাম সেজান বলেন, কেন্দ্রীয় কমিটি একটি চাঁদাবাজ দখলদারমুক্ত একটি কমিটি দিয়েছিল। কিন্তু কিছু চাঁদাবাজ প্রকৃতির লোক জনদূর্ভোগ সৃষ্টি করে যমুনা সেতু ব্লকেড দিয়ে ষড়যন্ত্র করে কমিটি স্থগিত করা হয়েছে। আমরা চাই যে কমিটি দিয়েছিল, সেই কমিটি বহাল রাখার জন্য আমাদের এই আন্দোলন।
বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলার স্থগিত কমিটির আহবায়ক সজিব সরকার, যুগ্ম আহবায়ক আসির ইন্তেসার অয়ন, সিনিয়র মুখ্য সংগঠক যুবায়ের-আল ইসলাম সেজান, মুখপাত্র টি এম মুশফিক সাদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জ ট্রাফিক ইন্সপেক্টর টি এম মোফাখারুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্ররা সড়ক অবরোধ করে বিক্ষোভ কিরে। সন্ধ্যা ৬টায় তারা অবরোধ প্রত্যাহার করে চলে গেছে। এরপর থেকে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
পিডিএস/এমএইউ









































