গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের পৃথক কারাগারে দুই কয়েদীর মৃত্যু

গাজীপুরের পৃথক দুইটি কারাগারে দুই কয়েদির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে গাজীপুর জেলা কারাগারে এক কয়েদী আত্মহত্যা করে মারা যায়। অপরজন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট- ১ এর কয়েদী।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে তাদের লাশের ময়না তদন্ত হয়।
গাজীপুর জেলা কারাগারে মারা যাওয়া কয়েদির নাম ওমর ফারক (৩৩)। তিনি গাজীপুরের কাপাসিয়া থানার বীর উজলী গ্রামের আলমগীর হোসেনের ছেলে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মারা যাওয়া কয়েদির নাম দুলাল মিয়া (৫২)। তিনি একই উপজেলার কেন্দুয়াব গ্রামের মহিন উদ্দিনের ছেলে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এর জেলার তরিকুল ইসলাম জানান, দুলাল মিয়া কাপাসিয়া থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি হিসেবে বন্দী ছিলেন। সোমবার রাত ১১ টায় তিনি বুকে ব্যথা অনুভব করলে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেলার আরো বলেন, দুলাল মিয়া ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিলেন। বেশ কয়েকবার তাকে ঢাকায় চিকিৎসা করানো হয়েছে। সর্বশেষ চিকিৎসা নিয়ে তিনি গত ১৮ জানুয়ারি কারাগারে আসেন।
গাজীপুর জেলা কারাগারের জেল সুপার মো. রফিকুল কাদের জানান, ওমর ফারুক ২০১৯ সালের কাপাসিয়া থানার একটি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত ছিলেন। চলতি বছরের ২৫ জানুয়ারী তাকে এ কারাগারে আনা হয়। গত ২৯ জানুয়ারী তিনি কারাগারের ভেতরে এক কারা কর্মকর্তাকে মারধর করার কারণে তার বিরুদ্ধে আরো একটি মামলায় হয়। সোমবার রাত আড়াইটা থেকে তিনিটার মধ্যে কারাগারের একটি সেলে বন্দি থাকা অবস্থায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি কারারক্ষীরা টের পেয়ে তাকে ফাঁস মুক্ত করে প্রথমে কারা অভ্যন্তরে প্রাথমিক চিকিৎসা দেন। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, এ মৃত্যুর ঘটনায় তদন্তে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ জেল সুপার আল মামুনকে প্রধান করে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।









































