সিলেট প্রতিনিধি
ডেভিল হান্ট সিলেটে আ.লীগ ও অঙ্গ সংগঠনের আরও ৭ নেতা আটক

দেশজুড়ে শুরু হওয়া 'অপারেশন ডেভিল হান্টের’ দ্বিতীয় দিনে আরও ৭ জনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।
আটককৃতরা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পদধারী নেতা। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
আটকেরা হলেন- সিলেট নগরীর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুর রব হাজারী (৬২), ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সাদমান কবির (২৯), ১৪নং ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি মিনহাজ ইসলাম সৌরভ (২৬), ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসম্পাদক ফজলুর রহমান রনি (৩৭), ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি হাসেম খান, ৩৫নং ওয়ার্ড ছাত্রলীগের সদস্য ইয়ামিন আহমদ (২৪) ও দক্ষিণ সুরমার কামালবাজার ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি আনোয়ার হোসেন আফরোজ (৬০)।
এর আগে গতকাল সোমবার অভিযান চালিয়ে সিলেট মহানগরী থেকে ৫ জনকে আটকের খবর জানিয়েছিল মেট্রোপলিটন পুলিশ।
পিডিএস/এমএইউ









































