আবু বক্কর সুমন, বীরগঞ্জ (দিনাজপুর)

  ১১ ফেব্রুয়ারি, ২০২৫

বীরগঞ্জে ইটভাটা গিলে খাচ্ছে আবাদি জমির মাটি, কমছে ফসল

ছবি : প্রতিদিনের সংবাদ

দিনাজপুরের বীরগঞ্জে ফসলি জমি থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে ইট ভাটায়। আর এসব মাটি বহন করা হচ্ছে নিষিদ্ধ ভারী ট্রাক্টরে। এর ফলে একদিকে ফসলি জমি কমছে, অন্যদিকে মাটি বহনের ভারী ট্রাক্টরের কারণে নষ্ট হচ্ছে পাকা সড়ক। ভবিষ্যতে খাদ্য উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন পরিবেশ বিদরা। পরিবেশ অধিদপ্তর অনুমতি ছাড়াই বীরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে প্রতি বছর নতুন ইটভাটা গড়ে উঠছে। ইটভাটার কালো ধোঁয়ায় এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। ছড়াচ্ছে বিভিন্ন রোগ-বালাই। অন্যদিকে ব্যবহার করা হচ্ছে আবাদি জমির টপসয়েল। ফলে নষ্ট হচ্ছে আবাদি জমি।

বীরগঞ্জ উপজেলায় ৩১ ইটভাটা রয়েছে। যেখানে-সেখানে ইটভাটা তৈরি হওয়ায় আবাদি জমিগুলো নষ্ট হচ্ছে। একটি ইটভাটা তৈরি করতে কমপক্ষে ৫ থেকে ৮ একর জমির প্রয়োজন হয়। অনেক সময় মাটির প্রয়োজন হলে এলাকার লোকজনের কাছ থেকে আবাদি জমির উপরের এক থেকে দেড়ফুট মাটি কেটে ইট তৈরি করে। এতে ফসলি জমির উর্বরা শক্তি নষ্ট হয়। শুধু তাই নয়, ইটভাটার নির্গত কালো ধোঁয়ায় এলাকার পরিবেশ ও জমির ফসল নষ্ট হচ্ছে।

সরেজমিনে বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে, ভ্যাকুমেশিন দিয়ে কাটা হচ্ছে কৃষিজমি। কোথাও শুধু জমির উপরিভাগ কেটে নেওয়া হচ্ছে। ট্রলি করে নেওয়া হচ্ছে ইটভাটায়। অতিরিক্ত মাটি বহনের ফলে বিভিন্ন রাস্তা দেবে গেছে। ভেঙ্গে গেছে অনেক রাস্তা। তাছাড়া ধুলো-বালু ও ইটভাটার কুন্ডলি পাকানো ধোঁয়ায় চলাচল দুঃসাধ্য হয়ে পড়েছে।

বীরগঞ্জ উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম জানান, জমির টপসোয়েল ইটভাটায় ব্যবহারের ফলে জমির উর্বরা শক্তি হ্রাস পাচ্ছে। এ অবস্থায় অব্যাহত থাকলে ভবিষ্যতে উৎপাদন বিপর্যয় দেখা দিতে পারে।

স্থানীয়রা জানান, ফসলি জমির মাটি কেটে শুধু জমি নষ্ট করছে না, গ্রামের ভেতর দিয়ে বেপরোয়াভাবে মাটি বোঝাই ট্রাক্টর চলাচলের ফলে ধুলোয় বসতবাড়িতেও থাকা দায় হয়ে পড়েছে। এতে গ্রামের পাকা সড়কগুলো দিন দিন ভেঙে নষ্ট হচ্ছে। তারা অতি জরুরি ভিত্তিতে ফসলি জমির মাটি কাটা বন্ধের দাবি জানিয়েছেন।

বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফসলে এলাহী জানান, আবাদি জমির টপসোয়েল ইটভাটায় ব্যবহার নিষিদ্ধ। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দিনাজপুর,বীরগঞ্জ,ফসলি জমি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়