শালিখা (মাগুরা) প্রতিনিধি
শালিখায় ক্ষুরা রোগের টিকা পেল শতাধিক গবাদি পশু

মাগুরার শালিখায় গবাদি পশুর ক্ষুরা রোগের টিকা প্রদান প্রকল্পের আওতায় ৪শ গরুকে টিকা প্রদান কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) উপজেলা সদর আড়পাড়া গো-হাটে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন শালিখা উপজেলা নির্বাহী (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মনিষা রাণী কর্মকার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: শাহারিন সুলতানা, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর (ইউডিএফ) ইবাদ আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাশেদুল হাসান প্রমুখ।
উদ্বোধনী দিনেই শালিখা উপজেলার বিভিন্ন এলাকা থেকে শতাধিক গবাদি পশুকে এফএমডি বা ফুট এন্ড মাউথ ডিজেজ (ক্ষুরা রোগ) এর টিকা প্রদান করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডাঃ শাহারিন সুলতানা বলেন, ফুট এন্ড মাউথ ডিজেজ (এফএমডি) বা ক্ষুরা রোগ গবাদি পশুর জন্য একটি মারাত্মক ব্যাধি আর এই ব্যাধিকে প্রতিরোধ করতে প্রতিটা গরুকে ভ্যাকসিন দেওয়া অতীব জরুরি কারণ ভ্যাকসিন প্রদানের মাধ্যমে ৮০ শতাংশ গরুর ক্ষুরা রোগ প্রতিরোধ করা সম্ভব। উপস্থিত সকলের উদ্দেশ্যে তিনি আরো বলেন, ক্ষুরা রোগ একটি ভাইরাসজনিত রোগ আর এই ভাইরাসের ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।
পিডিএস/এমএইউ









































