আমতলী (বরগুনা) প্রতিনিধি
আমতলীতে হাইব্রিড ধান চাষে ঝুঁকছেন কৃষকরা

বরগুনার আমতলী উপজেলার চাষিরা হাইব্রিড ধান চাষে ঝুঁকছেন। কৃষক ও কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রোগবালাইয়ে ধানগাছ অধিক সহনশীল হওয়ায় হাইব্রিড ধানে অধিক ফলন পাওয়া যায়। ধানগাছের গোছা মোটা ও শক্ত হয়। ধানের গাছ অধিক লম্বা হওয়ায় খড়ের (বিছালির) পরিমাণ বেশি হয়, যা উফশী জাতের তুলনায় অধিক লাভজনক। তাই চাষিরা হাইব্রিড ধান চাষের প্রতি আগ্রহী হচ্ছেন।
উপজেলা কৃষিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলায় গত বছর হাইব্রিড ধানের চাষ হয়েছিল হাজার ৭৮৫ হেক্টর আর উফশী ধানের চাষ হয়েছিল ২হাজার ৪৫০ হেক্টর। কিন্তু চলতি মৌসুমে ৮১৫ হেক্টর জমিতে হাইব্রিড ধান আবাদেও লক্ষ্যমাত্রা হয়েছে।
উপজেলার কালিগঞ্জ গ্রামের কৃষক দুধা মিয়া জানান, এবার তিনি তিন বিঘা জমিতে হাইব্রিড চাষ করছেন। উপজেলার মধ্যচন্দ্রা গ্রামের তোফায়েল মাদবর বলেন এবার ২বিঘায় হাইব্রিড চাষ করছেন।
উপজেলার হলদিয়া ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা নিখিল বলেন, কৃষকরা গতবছর হাইব্রিড ধানে অভাবনীয় ফলন পাওয়ায় এ বছর আরো ভালো ফলনের আশায় হাইব্রিড চাষে কৃষকরা আগ্রহ দেখাচ্ছেন।
এবিষয়ে আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল বলেন, অধিক ফলনের আশায় আর ধানে রোগবালাই কম থাকায় আমতলীর চাষিরা দিনদিন হাইব্রিড ধান চাষে ঝুঁকছেন।
পিডিএস/এমএইউ









































