ফেনী প্রতিনিধি
অপারেশন ডেবিল হান্ট
ফেনীতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

ফেনীতে অপারেশন ডেভিল হান্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে গ্ৰেপ্তার হয়েছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৯ নেতাকর্মী।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- জেলার ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন ফাহিম (২৯), ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের বেতাগাঁও গ্রামের ছাত্রলীগ কর্মী মো. ইসমাঈল (৩০), দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়ন ছাত্র লীগের প্রচার সম্পাদক মাহফুজুর রহমান (২৪), ফেনী সদর উপজেলা মোটবী ইউনিয়নের মধ্যম লক্ষ্মীপুর গ্রামের ছাত্রলীগ কর্মী সাজ্জাদ আহাম্মদ সায়েম (২৩), সোনাগাজী উপজেলার সোনাপুর গ্রামের ছাত্রলীগ কর্মী আজিজুর রহমান তসলিম (২৮), সোনাগাজী উপজেলার সোনাপুর গ্রামের মো. মাইন উদ্দিন (২১), দাগনভূঞার রাজাপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মো. খাজা মাইন উদ্দিন চিশতী (৫৫), জায়লস্কর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান (৬০) ও দাগনভূঞা পৌরসভার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু নাসের (৬২)।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে তিনজনকে ফেনী থানায় করা বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদের জেলার দাগনভূঞা, সোনাগাজী ও ছাগলনাইয়া থানায় করা বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন জানান, আটক তিনজনকে ফেনী মডেল থানায় করা বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পিডিএস/এমএইউ









































