ধুনট (বগুড়া) প্রতিনিধি

  ১১ ফেব্রুয়ারি, ২০২৫

ধুনটে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

ছবি : প্রতিদিনের সংবাদ

বগুড়ার ধুনট উপজেলায় এক প্রবাসীর মেয়েকে জিম্মি রেখে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে না পেয়ে বাড়ির আসবাবপত্র ভাঙচুর মামলায় আল-আমিন (২৭) নামের এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরের পর ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। আল-আমিন উপজেলার উত্তর নান্দিয়ারপাড়া গ্রামের আব্দুস সামাদ সরকারের ছেলে। আসন্ন সম্মেলনে আল আমিন উপজেলার নিমগাছি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী। রবিবার সন্ধ্যায় সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে থানায় সোপর্দ করে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার নিমগাছি গ্রামের রফিকুল ইসলাম জীবিকার তাগিদে দুবাই অবস্থান করেন। তার স্ত্রী আয়েশা বেগম স্কুল পড়ুয়া মেয়েকে নিয়ে সোনাহাটা বাজার এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন। মেয়েটি স্থানীয় একটি কেজি স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। অন্যান্য দিনের ন্যায় ২৯ জানুয়ারি সকাল ১১ টায় মেয়েটি স্কুল থেকে ভাড়া বাসায় ফেরে। এ সময় ওই বাসায় মেয়েটির মা উপস্থিত ছিলেন না।

এ সুযোগে আল-আমিন ও তার ২ সহযোগী প্রবাসীর বাসায় এক যুবককে ঢুকে দিয়ে দরজায় তালা লাগিয়ে দেয়। ওই যুবকসহ মেয়েটিকে বাসায় জিম্মি করে তারা প্রবাসীর স্ত্রীর নিকট ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। কিন্ত চাঁদার টাকা পেয়ে তারা বাসার আসবাবপত্র ভাঙচুর করে ঘটনাস্থল থেকে সটকে পড়ে।

এ ঘটনায় প্রবাসীর স্ত্রী আয়েশা খাতুন বাদী হয়ে ওই দিনই আল-আমিন সহ ৩ জনের বিরুদ্ধে থানা ও সেনাক্যাম্পে অভিযোগ করেন। এ অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে।

ধুনট থানায় ওসি সাইদুল আলম বলেন, প্রবাসীর স্ত্রীর দায়ের করা মামলায় আল-আমিনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এই মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ধুনট,বগুড়া,চাঁদাবাজি,ছাত্রদল নেতা,গ্রেপ্তার
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়