ফেনী প্রতিনিধি
ফেনীতে খেঁজুর নিয়ে ভোক্তাদের সঙ্গে প্রতারণা, ব্যবসায়ীর জরিমানা

ফেনীতে ইচ্ছে মাফিক খেঁজুর প্যাকেট করা, প্যাকেটে ইচ্ছেমত তারিখ দেওয়া, মূল্য না লেখা, প্যাকেটে ঢাকার নামি-দামি ব্রান্ডের নাম দিয়ে প্যাকেট করা এবং গত বছরের মেয়াদ উত্তীর্ণ খেঁজুর বিক্রয়ের উদ্দেশ্য প্রদর্শন ও সংরক্ষণ করায় এক ব্যবসায়ীর এক লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ফেনী জেলা কার্যালয়ের উদ্যোগে ফেনী শহরের মহিপাল ফলের আড়ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, আসন্ন পবিত্র রমজানকে সামনে রেখে জেলা টাস্কফোর্স কমিটি ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সিদ্ধান্ত মোতাবেক এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ফেনী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
বেলা সাড়ে ১১টা থেকে ২টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানে প্যাকেজিং এর লাইসেন্স ছাড়া ইচ্ছে মাফিক খেঁজুর প্যাকেট করা, প্যাকেটের ইচ্ছেমত তারিখ দেওয়া, মূল্য না লেখা, প্যাকেটে ঢাকার নামি-দামি ব্রান্ডের নাম দিয়ে প্যাকেট করা এবং গত বছরের মেয়াদ উত্তীর্ণ খেঁজুর বিক্রয়ের উদ্দেশ্য প্রদর্শন ও সংরক্ষণ করায় মেসার্স ইউসুফ এন্টারপ্রাইজ নামের পাইকারি ফল বিক্রেতাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৪৪ ও ৫১ ধারায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং এবং এ ধরণের কর্মকাণ্ড পরিহার করার জন্য চূড়ান্তভাবে সতর্ক করা হয়।
এ সময় উপস্থিত ব্যবসায়ী ও ভোক্তা সাধারণের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিধান সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। অভিযানে জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে জানানো হয়।
পিডিএস/এমএইউ









































