শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

  ১০ ফেব্রুয়ারি, ২০২৫

সুন্দরবনে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ২

ছবি : প্রতিদিনের সংবাদ

সাতক্ষীরায় কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে।অপারেশন ‘ডেভিল হান্টথ-এর অংশ হিসেবে সুন্দরবন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে যৌথ বাহিনীর সদস্যরা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চকবারা বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে বনদস্যু আব্দুল হাকিম গাজি (৬৮) ও তার ছেলে মো. হাফিজুর রহমান গাজি (২৫) কে আটক করা হয়। তারা সাতক্ষীরার শ্যামনগর থানার চকবারা গ্রামের বাসিন্দা।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে চকবারা বাজার সংলগ্ন নদীতে তাদের কাঠের বোট তল্লাশি করা হয়। সেখানে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় একটি অবৈধ দেশীয় একনালা পাইপ গান ও ১৬টি বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

কোস্ট গার্ডের পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার তারেক আহাম্মেদ জানান, সম্প্রতি সুন্দরবনে বন ও জলদস্যুদের তৎপরতা বেড়ে গেছে। মুক্তিপণের জন্য জেলেদের অপহরণের ঘটনাও ঘটছে। এই পরিস্থিতি মোকাবিলায় কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন ডেভিল হান্টথ পরিচালিত হচ্ছে। অভিযানের মূল লক্ষ্য সুন্দরবনকে দস্যুমুক্ত করা এবং অপহৃত জেলেদের উদ্ধার করা।

আটক দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সাতক্ষীরার শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ড জানায়, সুন্দরবনের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শ্যামনগর,সাতক্ষীরা,সুন্দরবন,আটক
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়