আবু সাইদ খোকন, আমতলী (বরগুনা)

  ১০ ফেব্রুয়ারি, ২০২৫

আমতলীতে অজানা রোগে মরছে তরমুজ গাছ

ছবি : প্রতিদিনের সংবাদ

সবুজ লতায় মোড়ানো বিস্তীর্ণ মাঠজুড়ে তরমুজ গাছ। এর ফাঁকে ফাঁকে ফলও ধরেছে কোনো কোনো গাছে। কিন্তু হঠাৎ করেই শেকড় নিস্তেজ হয়ে একের পর এক মরছে গাছ। বালাইনাশক প্রয়োগেও কোনো সমাধান হচ্ছে না।

তরমুজ উৎপাদনে এলাকা হিসেবে পরিচিত বরগুনার আমতলী উপজেলা। উপজেলার কৃষ্ণনগর গ্রামে অজানা কারণে মরছে তরমুজ গাছ। ফলে বিপাকে পড়েছেন চাষিরা। এটি কোনো রোগ নাকি ভাইরাস তা এখনও নির্ণয় করতে পারেনি কৃষি বিভাগ। সমস্যাটি সমাধানের চেষ্টা চলছে জানিয়ে কৃষি বিভাগ বলছে, এই মুহূর্তে খুবই অল্প পরিসরে গাছ আক্রান্ত হয়েছে। তবে এর পরিধি যেন না বাড়ে- এজন্য গাছ মরে যাওয়ার কারণ নির্ণয় করতে বিশেষজ্ঞদের গবেষণার প্রয়োজনীয়তা রয়েছে।

সরেজমিন দেখা গেছে, উপজেলার কুকুয়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে বিস্তীর্ণ ফসলি জমিতে তরমুজের আবাদ হয়েছে। তরমুজ চাষি সামসুল ইসলাম বলছেন, আক্রান্ত গাছ উপড়ে ফেলে দিতে হচ্ছে। তা নাহলে পাশের গাছও আক্রান্ত হতে পারে বলে ধারণা করছেন তারা। হরিমৃত্যুজ্ণয় গ্রামের তরমুজ চাষি সামসুল ইসলাম বলেন, আমি ৩ কানি জমিতে তরমুজ চাষ করছি। ৯ হাজার ৫ শ গাছের চারা ছিল। তিন ভাগের একভাগই মরে গেছে। এখন দুই ভাগ আছে। তাও একের পর এক শেকড় এবং পাতা শুকিয়ে যাচ্ছে। এটার কারণ যে কী বুঝি না। পানি দিচ্ছি, ওষুধ ব্যবহার করছি- কোনটাতেই কোনো কাজ হচ্ছে না। অনেক টাকা খরচ করতেছি। ফল ধরেছে, এমন গাছও মরে যাচ্ছে।

এ ব্যাপারে আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রাসেল মিয়া বলেন, সঠিক কারণ নির্ণয় করার ওসমস্যা সমাধানের চেষ্টা চলছে।আমাদের মাঠপর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের পরামর্শ দিচ্ছেন।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমতলী,বরগুনা,তরমুজ চাষ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়