ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

  ৪ ঘণ্টা আগে

ধামইরহাট ভূমি অফিস দালালমুক্ত করার দাবিতে মানববন্ধন

নওগাঁর ধামইরহাট উপজেলায় ভূমি অফিসের প্রধান অফিস সহকারী আবদুর রউফ ও দালাল আবদুল বারিককে অপসারণ এবং দালালমুক্ত করার লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় উপজেলার নিমতলী মোড়ে ধামইরহাট জাগ্রত সমাজের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। তবে অভিযোগ পুরোপুরিভাবে অস্বীকার করেন অভিযুক্ত প্রধান অফিস সহকারী আবদুর রউফ।

মানববন্ধনে রাসেল মাহমুদ বলেন, ধামইরহাট ভূমি অফিসের প্রধান অফিস সহকারী আবদুর রউফ ও দালাল আবদুল বারিক বিগত আওয়ামী লীগ সরকারের আমলে উপজেলার বিভিন্ন মানুষকে জিম্মি করে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন। তিনি পুনরায় এ উপজেলায় যোগদান করেছেন। যোগদানের পর থেকে আগের নিয়মে দালাল আবদুল বারিককে সঙ্গে নিয়ে আবারো দুর্নীতি ও অসৎ কার্যক্রম শুরু করেছেন। এলাকার সম্মানের কথা ভেবে ভূমি অফিসের প্রধান অফিস সহকারী আবদুর রউফ ও দালাল আবদুল বারিককে দ্রুত অপসারণের দাবি জানাচ্ছি। তা না হলে আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব আমরা।

মাহাবুল ইসলাম বলেন, আমার পিতা আমাদের চার ভাইকে দশ শতাংশ করে জমি বণ্টননামা করে দেন। চকযদু মৌজার ১২২০ নম্বর দাগে অবস্থিত জমি আমি গত ২০২১ সালে নামজারি করতে গেলে গায়ের জোরে সব বৈধ কাগজপত্র থাকার সত্ত্বেও অফিস সহকারী আবদুর রউফ আমার জমির খারিজ বাতিল করেন।

অভিযুক্ত আবদুর রউফ বলেন, আমি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছি। এর আগেও আমি দীর্ঘ বছর এ উপজেলায় চাকরি করেছি। পরে মান্দা উপজেলা সাড়ে তিন বছর চাকরি করেছি। আমি পদোন্নতি পেয়ে গত মাসের ১৮ তারিখে এ উপজেলায় পুনরায় যোগদান করেছি। একটি কুচক্রী মহল ঈর্ষান্বিত হয়ে আমার নামে সম্প্রতি মিথ্যা তথ্য ছড়াচ্ছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ বলেন, আমি এ উপজেলায় নতুন যোগদান করেছি। আগের সরকারের সময়ে কি হয়েছে তা বলতে পারছি না। তবে আমি থাকা অবস্থায় কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অনিয়ম কিংবা দুর্নীতি প্রমাণ হলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়