সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুর
বেড়বাড়ী থেকে জাতীয় মঞ্চে লোকগীতির সুরে দেশজয় অনয়ার

একটি ছোট্ট গ্রামের মেয়ের কণ্ঠে ভেসে ওঠা বাংলার লোকগানের সুর আজ পৌঁছে গেছে জাতীয় স্বীকৃতির সর্বোচ্চ মঞ্চে। টাঙ্গাইলের সখীপুর উপজেলার বেড়বাড়ী গ্রামের কৃতী সন্তান অনয়া সরকার ইশা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬-এর লোকগীতি বিভাগে সারা দেশে প্রথম স্থান অর্জন করে শুধু নিজের পরিবার নয়, গর্বিত করেছে পুরো গ্রাম, সমাজ এবং বাংলাদেশকে।
গত ১৫ জুলাই ঢাকার চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬-এর বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাত থেকে জাতীয় প্রাথমিক শিক্ষা সনদ ও স্বর্ণপদক (গোল্ড মেডেল) গ্রহণ করে অনয়া। এ সময় শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রীসহ শিক্ষা ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সবচেয়ে আবেগঘন মুহূর্তগুলোর একটি ছিল অনয়ার পরিবেশনা। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সে একটি ডুয়েট গান ও চারটি কোরাস গানে অংশ নেয়। তার মিষ্টি কণ্ঠ, আত্মবিশ্বাসী উপস্থাপনা এবং লোকগানের প্রতি আন্তরিক ভালোবাসা উপস্থিত সবাইকে মুগ্ধ করে। প্রধানমন্ত্রীও তার প্রতিভার প্রশংসা করেন।
অনয়ার এই সাফল্য হঠাৎ করে আসেনি। এর পেছনে রয়েছে দীর্ঘদিনের চেষ্টা সাধনা, পরিবারের অবিরাম উৎসাহ এবং সংগীতগুরু বাবু অশোক কুমার বিশ্বাসের নিবিড় প্রশিক্ষণ। মা তুলি সরকার ও বাবা শংকর সরকারের অনুপ্রেরণায় ছোটবেলা থেকেই লোকসংগীতের প্রতি অনয়ার ভালোবাসা তৈরি হয়। সেই ভালোবাসাই আজ তাকে জাতীয় পর্যায়ের সর্বোচ্চ সম্মাননা এনে দিয়েছে।
জানা যায়, জন্ম টাঙ্গাইলের সখীপুরে হলেও বাবার চাকরির সুবাদে বর্তমানে অনয়া কিশোরগঞ্জের গাইটাল আবদুল ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করছে। পড়াশোনার পাশাপাশি নিয়মিত সংগীতচর্চা চালিয়ে যাওয়ার ফলেই সে জাতীয় পর্যায়ে নিজের প্রতিভার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে।
অনয়ার এই অর্জনের খবর ছড়িয়ে পড়তেই সখীপুরের বেড়বাড়ী গ্রামে আনন্দের বন্যা বয়ে যায়। আত্মীয়-স্বজন, শিক্ষক, প্রতিবেশী ও স্থানীয়রা তাকে অভিনন্দন জানান। অনেকের মতে, অনয়ার এই সাফল্য গ্রামের আরো অনেক শিশুকে সংগীত ও সংস্কৃতিচর্চায় উৎসাহিত করবে।
লোকসংগীত বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম বাহক। নতুন প্রজন্মের একজন শিল্পী হিসেবে অনয়া সরকার ইশার এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বাংলার লোকসংগীতকে নতুন প্রজন্মের কাছে আরো জনপ্রিয় করে তোলার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
আজ সখীপুরের ছোট্ট একটি গ্রাম থেকে উঠে আসা অনয়া সরকার ইশা প্রমাণ করেছে স্বপ্ন, নিষ্ঠা এবং পরিশ্রম থাকলে গ্রামেও জন্ম নিতে পারে জাতীয় গৌরবের নতুন ইতিহাস।
"






































