ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
৩ খাদ্যপ্রতিষ্ঠানকে জরিমানা

কিশোরগঞ্জের ভৈরবে ৩ খাদ্যপ্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার দুপুর ২টায় শহরের রানীবাজার ও পঞ্চবটি বউবাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন র্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নোমান আহমেদ, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আশরাফুল ইসলাম তালুকদার, জেলা স্যানেটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল, পৌর নিরাপদ খাদ্য পরিদর্শক নাসিমা বেগমসহ জেলা আনসার ব্যাটেলিয়ান ও ভৈরব শহর ফাঁড়ি পুলিশ সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম বলেন, দেশের চলমান খাদ্যে ভেজাল নির্মূলের জন্য বিশেষ অভিযানের অংশ হিসেবে ভৈরব বিভিন্ন ফুড প্রোডাক্টস্ ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় খাজা ফুড প্রোডাক্টস ও বেকারি মালিক মিজান মিয়াকে ২ লাখ টাকা, হক অটো মুড়ি ফ্যাক্টরি ও তালুকদার ফুড প্রোডাক্টস এর মালিক নুরুল হক তালুকদারকে ১ লাখ টাকা ও মোল্লা ফুড প্রোডাক্টসের মালিক কাইয়ুম মিয়াকে ১ লাখ টাকাসহ মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
"






































