রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
রাজারহাটে আগুনে শিশুর মৃত্যু

কুড়িগ্রমের রাজারহাটে আগুনে আইরিন খাতুন (৪) নামে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সুকদেব মৌজার কদমেরতল এলাকায় আগুনের এ ঘটনা ঘটে। এতে আগুনে পুরে মারা যাওয়া আইরিন উপজেলার নাজিমখান ইউনিয়নের ডাংঘাট এলাকার আল-আমিনের মেয়ে। শিশুটির মৃত্যুর খবরে এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তছলিম উদ্দিন।
স্থানীয়রা জানায়, শিশুটিকে তার বাবা মা নানার বাড়িতে রেখে ঢাকায় চাকরি করেন। শুক্রবার রাতে রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সুকদেব কদমেরতল এলাকায় একটি ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। রাতে ঘুমন্ত শিশু আইরিনকে ঘরে রেখে নানা আব্দুল হান্নানের বাড়ির লোকজন ওয়াজ শুনতে যান। হঠাৎ করেই বাড়িটিতে আগুন লেগে চারটি কক্ষ ও একটি রান্নাঘর মুহর্তের মধ্যেই পুড়ে ছাই হয়ে যায়। এ সময় ঘরে তালাবদ্ধ থাকা আইরিন ঘুমন্ত অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।
রাজারহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ আবু তাহের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ঘরে তালাবদ্ধ থাকা অবস্থায় আইরিন নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
"






































