হাতিয়া (নোয়াখালী) উপজেলা
তিন জেলেকে পিটিয়ে আহত, ইউপি সদস্যসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

নোয়াখালীর উপজেলা হাতিয়ায় তিন জেলেকে পিটিয়ে আহত করার পর ডাকাত সাজিয়ে পুলিশে দেওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। গত মঙ্গলবার রাতে হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের পূর্ব বিরবিরি গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা জানান, ভুক্তভোগী জেলে মো. কউসার বাদী হয়ে গত বুধবার রাতে থানায় মামলাটি করেন।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, জাহাজমারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাসান মাঝি দীর্ঘদিন কারাভোগের পর মঙ্গলবার মুক্তি পেয়ে বাড়িতে ফিরলে তাকে দেখতে যান আহত জেলে ফখরুউদ্দিন, শাহারাজ ও কাউসার। এতে ক্ষিপ্ত হন হাসান মাঝির প্রতিপক্ষ সাবেক ইউপি সদস্য জসিম উদ্দিন। এদিন রাত ১০টার দিকে জসিম উদ্দিনের লোকজন তিন জেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক পিটিয়ে আহত করে। এক পর্যায়ে তারা তিন জেলের সামনে জাহাজের ছয়টি সিগন্যাল রটেক দিয়ে সেগুলোকে রকেট লাঞ্চার বলে তাদের ডাকাত সাজিয়ে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করে। পরে থানায় ডাকাত ধরা হয়েছে খবর দিয়ে তাদের পুলিশে দেয়। মুঠোফোনে ওই ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া হয়। পরে তিন জেলের বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়ায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার পর ছেড়ে দেয় পুলিশ। এতে ক্ষিপ্ত হয়ে হামলাকারীরা ৬০-৭০ জন নারীকে দিয়ে বুধবার সন্ধ্যায় থানা ঘেরাও করে ভাংচুরের চেষ্টা করে। এ সময় পুলিশ ও নৌবাহিনীর যৌথ দল লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেন। পুলিশের কাজে বাঁধা এবং এ ষড়যন্ত্রকারীদের অপকৌশলের বিরুদ্ধে একই রাত সাড়ে ৮টার দিকে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা উপজেলা শহরে বিক্ষোভ মিছিল করে।
ওসি একেএম আজমল হুদা জানান, মামলার এজাহারে জাহাজমারা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য জসিম উদ্দিনসহ ৮ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত আরো ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের ধরতে অভিযান চালানো হচ্ছে।
"






































