চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
ককটেল ও গুলি ছুড়ে স্বর্ণের দোকানে ডাকাতি, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজারে ‘প্রীতি জুয়েলার্স’ নামে একটি স্বর্ণের দোকানে ককটেল ও গুলি ছুড়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতের গুলিতে মোশাররফ হোসেন নামে এক ব্যবসায়ী আহত হয়েছে। স্থানীয় জনতা ধাওয়া করে এক ডাকাতকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। গতকাল রবিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মিয়াবাজার মসজিদ মার্কেটে ‘প্রীতি জুয়েলার্স’ নামে একটি স্বর্ণ দোকানে ক্রেতা সেজে ৮/১০ জনের ডাকাত দল মাথায় মাংকি টুপি ও মুখে মাস্ক পরে অবস্থান নেয়। এ সময় কয়েকজন কৌশলে দোকান কর্মচারী পলাশ চন্দ্র দত্ত (৩০) কে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার লুট শুরু করে। পলাশ ডাকাত বলে চিৎকার করার চেষ্টা করলে তাকে মারধর শুরু করে। এ সময় ডাকাতি হওয়ার ঘটনাটি টের পেয়ে পাশ্ববর্তী দোকানদার মো. মোশাররফ হোসেন (৪৫) ডাকাত বলে চিৎকার করে মার্কেটের গেইট আটকানোর চেষ্টা করলে তারা তাকে গুলি করে আহত করে। গুলির শব্দ শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে ডাকাতরা বিপুল পরিমাণ ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা ডাকাত দলের সদস্য ঢাকা উত্তর খানের চান পাড়া গ্রামের মো. আবুল বাশারের ছেলে কাউছার আহমেদ (৩৫) কে আটক করে গণপিটুনি দেয়।
চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ বলেন, আটক ডাকাত দলের সদস্য কাউছারকে পুলিশ হেফাজতে নিয়ে তার দেহ তল্লাশি করে চার রাউন্ড গুলি সহ একটি পিস্তলের ম্যাগজিন পাওয়া যায়। পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে মহাসড়কের মিরশ্বানী নামক এলাকায় একটি মাইক্রো পাওয়া যায়। মাইক্রোটি তল্লাশি করে দু’টি ধারালো চাপাতি উদ্ধার করা হয় এবং বেশকিছু স্বর্ণের খালি বক্স পাওয়া গেছে। এ ব্যাপারে প্রীতি জুয়েলার্সের মালিক রবীন্দ্র দত্ত বাদী হয়ে থানায় একটি ডাকাতির মামলা দায়ের করেছেন।
"






































