কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
ছাত্রদের ওপর হামলা
জড়িতদের ৭ দিনের মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম

গাজীপুরের কালিয়াকৈরে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবিতে ও গাজীপুরে ছাত্র আন্দোলনের বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার প্রতিবাদে কালিয়াকৈর উপজেলা জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যৌথভাবে প্রতিবাদ সমাবেশ করেছে।
গতকাল দুপুরে কালিয়াকৈর চন্দ্রা ত্রিমোড় এলাকায় কালিয়াকৈর উপজেলা জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যৌথ আয়োাজনে এক বিক্ষোভ সমাবেশ হয়।
সকাল থেকে কালিয়াকৈরের বিভিন্ন স্কুল, কলেজের শত শত ছাত্র-ছাত্রী চন্দ্রা ত্রিমোড়ে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন। সমাবেশে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা বক্তব্য দেন। তারা গাজীপুরের ধীরাশ্রমে পতিত সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে আওয়ামী সন্ত্রাসীদের পূর্বপরিকল্পিত আক্রমণে আহত ছাত্রদের উন্নত চিকিৎসা এবং জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবি করেন। সেইসঙ্গে জুলাই আন্দোলনে নিহত ছাত্র জনতা হত্যাকারীদের আজও গ্রেপ্তার না করায় কালিয়াকৈরে কর্মরত পুলিশদের নিন্দা জানান। দ্রুত আওয়ামী সন্ত্রাসীদের হাতে থাকা অবৈধ অস্ত্র উদ্ধার এবং তাদের গ্রেপ্তারের জন্য কালিয়াকৈর থানার ওসিকে ৭ দিনের সময় আল্টিমেটাম দেন তারা।
"






































