রফিকুল ইসলাম সুফিয়ান
২২ ঘণ্টা আগে
আষাঢ়ে গল্প

আষাঢ়ে এক গল্প বলি আষাঢ়ে
শুনবে নাকি? গল্পটা বেশ খাসারে!
হ্যাঁ গো দাদু, কী যে মজা!
শুনবো মিলে সবে;
শুনবি যদি চুপ করে বস তবে।
এক দেশে এক রাজা ছিল
সুখেই ছিল বেশ,
তার ছিল না দেশ।
হাতিশালে হাতি ছিল,
ঘোড়াশালে ঘোড়া,
ঘোড়াগুলো এক্কেবারেই খোঁড়া।
সেই ঘোড়াতে রাজা-
সকাল-বিকাল ভ্রমণ করে
খেতেন পাঁপড় ভাজা।
একদিন এক ব্যাপার গেল ঘটে
মুহূর্তে সেই খবর গেল রটে-
রাজার ঘোড়া ডিম দিয়েছে ছ’টা,
কেউ বা বলে ন’টা।
সংখ্যা নিয়ে গোল
বাঁধলো হুলুস্থুল।
হো হো হেসেই মরি, গল্প এসব নাকি!
কেবল দিলে ফাঁকি।
নয়রে ফাঁকি, এই আষাঢ়ে
গল্প এ যে আষাঢ়ে,
আবোলতাবোল
হোক না যা বল
আনন্দে গা ভাসারে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন







































