বিনোদন প্রতিবেদক
বিশ্বকাপ ফুটবলের ফাইনাল শেষেই রেহানের সিনেমার প্রচার শুরু

আগামী ১৯ জুলাই বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর ফাইনাল ম্যাচ। সেদিন মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বনাম স্পেন। এই ফাইনাল খেলার পরপরই আমাদের এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেতা ফররুখ আহমেদ রেহান অভিনীত প্রথম সিনেমা ‘আন্ধার’র প্রচারণার কাজ শুরু হবে। মাত্র কিছুদিন হলো অভিনয়ের দুনিয়ায় টাঙ্গাইলের সন্তান রেহানের অভিনেতা হিসেবে যাত্রা শুরু। এরইমধ্যে বেশকিছু ভালো গল্পের নাটকে অভিনয় করে ভূয়সী প্রশংসিত হয়েছেন রেহান। গেল ঈদেও মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ইউটিউব ফিল্ম ‘অভিযান’-এ রেহান তার নিজের চরিত্রে অনবদ্য অভিনয় করে দর্শককে মুগ্ধ করেছেন। এবার তার ভক্ত দর্শকেরা রেহানকে সিনেমায় দেখতে পাবেন। সুমন, শাকিব ও আদনানের গল্পে ‘আন্ধার’ নামক সিনেমায় অভিনয়ের মধ্যদিয়ে সিনেমায় অভিষেক হচ্ছে তার। সিনেমাটি নির্মাণ করেছেন রায়হান রাফী। সিনেমাটিতে রেহান অভিনয় করার সুযোগ পেয়েছেন আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, গাজী রাকায়েতসহ আরো বেশ ক’জন শিল্পীর সঙ্গে।
নিজের অভিনীত প্রথম সিনেমা নিয়ে খুবই উচ্ছ্বসিত রেহান। যেহেতু দীর্ঘ একটা সময় ধরেই তিনি সিনেমাটিতে অভিনয় করছিলেন এবং এখনো তার কিছু কাজ বাকী আছে, তাই এখনই জানান দিতে চাচ্ছিলেন না সিনেমাটি সম্পর্কে। আরেকটু সময় নিয়ে সবকিছু চূড়ান্ত হলে তবেই তিনি ঘোষণায় আসতে চাচ্ছিলেন। কিন্তু যেহেতু রেহান এই সময়ের একজন আলোচিত তরুণ অভিনেতা এবং তার আগামীটা আরো বেশ উজ্জ্বল। তাই তার সিনেমায় অভিনয়ের খবরটিও অনেকেরই জানা হয়ে গেছে।
রেহান বলেন, ‘আন্ধার আমার অভিনীত প্রথম সিনেমা। এতে আমি অভিনয় করছি। তবে সিনেমার গল্প কী কিংবা আমার চরিত্রই বা কী সেটা নিয়ে আপাতত কিছু বলতে পারছিনা। তবে যেহেতু রায়হান রাফী ভাই একজন মেধাবী এবং পরীক্ষিত পরিচালক। তাই আমার যারা ভক্ত দর্শক তাদেরকে শুধু এতোটুকুই বলতে চাই অবশ্যই আন্ধার দর্শকের ভালোলাগবে। সিনেমাটিতে আমি অনেক গুণী শিল্পীদের সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছি। এটাও আমার জন্য সত্যিই অনেক বড় বিষয়। কারণ অভিনয়ের আঙ্গিনায় আমি এখনো একেবারেই নতুন। তাদের সঙ্গে কাজ করে করে আমি শেখার চেষ্টা করছি।’ রেহানকে নিয়ে ‘আন্ধার’এর একজন গল্পকার সাকিব চৌধুরী বলেন, ‘হিমেল চরিত্রের জন্য আমাদের একজন নতুন ট্যালেন্টের দরকার ছিল-যাকে আমরা ফ্রেশ ভাবে উপস্থাপন করব দর্শকদের সামনে। রায়হান রাফী অনেক খুঁজে তাকে বের করেছেন। আমার বিশ্বাস আন্ধার মুক্তির পর অনেকেই তাকে খুঁজবে।’ চলতি বছরের শেষপ্রান্তেই রেহান অভিনীত প্রথম সিনেমা ‘আন্ধার’ মুক্তি পাবে। রেহানের লুক এবং অভিনয় সবমিলিয়ে সিনেমাতে রেহান নিজের ভালো একটা অবস্থান তৈরি করে নিতে পারবেন এমনটাই আশাবাদী রেহানের শুভাকাঙ্ক্ষীদের।
"









































