বিনোদন প্রতিবেদক

  ১২ ঘণ্টা আগে

শুভ জন্মদিন জীবন্ত কিংবদন্তি ডলি জহুর

আজ বাংলাদেশের জনপ্রিয় নন্দিত ও অভিনেত্রী ডলি জহুরের জন্মদিন। আজ তিনি ৭৩ বছরে পা রাখছেন। এদিকে আগামী বছর তিনি অভিনয় জীবনে ৫০ বছরে পা রাখবেন। সবমিলিয়ে জীবনের এক অন্যরকম সময়ের মধ্যদিয়ে জীবন পার করছেন ডলি জহুর। মঞ্চ, রেডিও, টেলিভিশন, বড় পর্দা সব মাধ্যমেই অভিনয়ের আলো ছড়িয়েছেন তিনি। একুশে পদক ও আজীবন সম্মাননা ছাড়াও ডলি জহুর পেয়েছেন অভিনেত্রী হিসেবে দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সেই যে ৫০ বছর আগে অভিনয় শুরু করেছিলেন এখনো অভিনয়ে নিয়মিত তিনি। এখনো তার অভিনয় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন দর্শক। টিভি ও মঞ্চ নাটকে অভিনয় শুরুর পর ডলি জহুর ১৯৯২ সালে ‘শঙ্খনীল কারাগার’ চলচ্চিত্রের মাধ্যমে সিনেমায় অভিনয়ে আত্মপ্রকাশ করেন। যা তাকে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে প্রথম জাতীয় চলচ্ছিত্র পুরস্কার এনে দেয়।

১৯৭৬ সালে ডলি জহুর অভিনেতা জহুরুল ইসলামকে বিয়ে করেন। তাদের ছেলে রিয়াসাত। রিয়াসাত তার স্ত্রী সন্তানকে নিয়ে অষ্ট্রেলিয়া থাকেন। কিন্তু দেশের প্রতি, দেশের মানুষের প্রতি এবং অভিনয়ের প্রতি ভালোলাগা ও ভালোবাসা থেকে তিনি একাই দেশে থাকেন। এদিকে আজ ডলি জহুরের জন্মদিন উপলক্ষ্যে তার নিজের কোনো বিশেষ আয়োজন নেই। অতি সাধারণভাবেই জন্মদিন পার করবেন তিনি। তবে সন্ধ্যার সময়টা জন্মদিনকে ঘিরে একটু ব্যস্ত থাকবেন, এমনটাই জানালেন। ডলি জহুর বলেন, ‘জন্মদিনকে ঘিরে আসলে কোনো বিশেষ পরিকল্পনা নেই। জহুরতো সেই দুই দশক আগে আমাকে একা করে চলে গেল। প্রতি মুহূর্র্তে তাকে ভীষণ মিস করি। একমাত্র ছেলে অষ্ট্রেলিয়া থাকে, প্রতিনিয়তই তার সঙ্গে ভিডিও কলে কথা হয়, সব সময়ই বলে ওর কাছে চলে যেতে। কিন্তু দেশের প্রতি দেশের মানুষের প্রতি, অভিনয়ের প্রতি, অভিনয় অঙ্গনের মানুষদের প্রতি এতো মায়া, এতো ভালোবাসা রেখে কোথাও যেতে ইচ্ছে করে না। সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন ভালো রাখেন। এখনো অভিনয় করে যেতে পারছি এটাই সবচেয়ে বড় কথা। জন্মদিন বলেই না আমি আসলে সবসময়ই সবার কাছে দোয়া প্রত্যাশী।’

ডলি জহুর অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হচ্ছে ‘সন্তান যখন শত্রু’, ‘শঙ্খনীল কারাগার’, ‘আগুনের পরশমণি’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘দীপু নাম্বার টু’, ‘বিচার হবে’, ‘আনন্দ অশ্রু’, ‘নিরন্তর’, ‘ঘানি’, ‘দারুচিনি দ্বীপ’, ‘মায়ের কসম’। ‘ঘানি’ সিনেমাতে অভিনয়ের জন্যও তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। এরইমধ্যে ডলি জহুর দিলারা জামান ও আবুল হায়াতের সঙ্গে রাহাত কবিরের পরিচালনায় ‘দাদী ভয়ংকর’ নামের একটি নাটকে অভিনয় করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়