আনিকা বুশরা সিফাত, ঢাকা বিশ্ববিদ্যালয়
বৃষ্টি উপেক্ষা করেই ঢাবিতে পালিত হলো ফল উৎসব

গত ১১ জুলাই, লালমনিরহাট জেলা ছাত্র কল্যাণ সমিতি, ঢাবি শাখার আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৌসুমি ফল উৎসব উদযাপিত হয়। লালমনিরহাট জেলার বর্তমান ও প্রাক্তন ছাত্রদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে। প্রাথমিকভাবে কার্জন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৈরি আবহাওয়ার কারণে তিনবার স্থান বদলের পর মার্কেটিং বিভাগের একটি কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাদলের ধারা অঝোরে ঝরলেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তাদের উদ্যমেই কেটে যায় সকল প্রতিবন্ধকতা।
প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের পরিচয় পর্ব হয়ে উঠেছিল আয়োজনটি। শিক্ষার্থীদের মাঝে মৌসুমি ফল হিসেবে আম, কাঁঠাল, লিচু, আমড়া, জাম, তরমুজ ও লটকন পরিবেশন করা হয়। এছাড়া বারোমাসি ফল হিসেবে কলা, পেয়ারা ও বিদেশি ফল আপেল ও আঙুরও ছিল তালিকায়।
প্রধান অতিথি হিসেবে জেলা কল্যাণ সমিতির সাবেক সভাপতি আব্দুল কাদের তার বক্তৃতায় একতাবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। শিক্ষার্থীদের একে অন্যের বিপদে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের শুরুর দিনগুলোতে বেশিরভাগ শিক্ষার্থীই গৃহকাতরতা বা হোম সিকনেস অনুভব করে। তাদের জন্য অনেকটা স্বস্তির জায়গা হয়ে ওঠে নিজ জেলার মানুষদের নিয়ে করা এসব আয়োজন। শুধু নবীন শিক্ষার্থীই নয়, সকল বর্ষের শিক্ষার্থী এমনকি প্রাক্তনদের মধ্যেও সেতুবন্ধন তৈরি হয় এর মাধ্যমে। বিকেল ৫টায় শুরু হওয়া এ ফল উৎসবটি নবীন-প্রবীনদের মিলনমেলায় পরিণত হয়েছিল। নারী শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
"









































